‘ব্রেক কাজ করছে না,’ কলকাতা-সাইরাং এক্সপ্রেসের দুর্ঘটনার মুহূর্তের ভিডিও ভাইরাল

Published:

সহেলি মিত্র, কলকাতা: ভাইফোঁটার সকালে বড় রেল দুর্ঘটনা ঘটে গিয়েছে অসমে। লাইনচ্যুত হয়েছে কলকাতা-সাইরাং এক্সপ্রেসের (Kolkata Sairang Express) একাধিক কামরা। ঘটনায় আহত হয়েছেন বহু যাত্রী। তবে এখনো অবধি কোনও প্রাণহানির খবর মেলেনি। এদিকে ঘটনার প্রাক্কালে ঠিক কী ঘটেছিল, কী পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ট্রেনের ইঞ্জিনে, সেটার রোমহর্ষক ভিডিও (Viral Video) সামনে এসেছে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

সাইরাং এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার আগের রোমহর্ষক ভিডিও ভাইরাল

অসমে সাইরাং এক্সপ্রেস লাইনচ্যুত (Train Derailment) হওয়ার আগের দৃশ্যের একটি ভিডিও ভাইরাল হচ্ছে। ইঞ্জিনের ভেতর লোকো পাইলটকে বলতে শোনা যাচ্ছে, “সিগন্যাল লাল, ব্রেক কাজ করছে না। কিছুই কাজ করছে না।” কথাটি বলার সময়ে লোকো পাইলটের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। এর কিছুক্ষণ পরেই ট্রেনটি একটি ব্যারিকেডে ধাক্কা খেয়ে লাইনচ্যুত হয়। বুধবার সকালে দিগারু (Assam) রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিন ও পাঁচ থেকে ছয়টি বগি লাইনচ্যুত হয়। এই বিষয়ে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের মতে, সকল যাত্রী নিরাপদ আছেন এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

যাত্রীরা নিরাপদে রয়েছেন

দুর্ঘটনার পর একটি ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। রেল জানিয়েছে, অন্য একটি ট্রেনকে অগ্রাধিকার দেওয়ার জন্য ট্রেনটিকে দিগারু স্টেশনে আনা হচ্ছিল। এই সময় লোকো পাইলট ট্রেনের গতির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে, ভাইরাল ভিডিওতে শোনা ব্রেক এবং সিগন্যাল সংক্রান্ত অভিযোগগুলো এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। রেল কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা এবং ত্রাণ কার্যক্রম সম্পর্কে তথ্য প্রদান করেছে।

আরও পড়ুন: ভাইফোঁটার সকালে লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিন-সহ ৭ বগি, আহত একাধিক

দিগারুতে লাইনচ্যুত হওয়ার ঘটনাটি উত্তর-পূর্বাঞ্চলের রেল চলাচলকেও প্রভাবিত করেছে। গুয়াহাটি-জোরহাট টাউন জন শতাব্দী এক্সপ্রেসের ১২০৬৭ নম্বর ট্রেনটিকে পানবাড়িতে ঘুরিয়ে দেওয়া হয়। কোয়েম্বাটুর-শিলচর এক্সপ্রেসের ১৫৬২৭ নম্বর ট্রেনটিকে পানিখাইতিতে থামানো হয়। রেল কর্তৃপক্ষ ত্রাণ ও পুনরুদ্ধারের কাজ চালাচ্ছে। ভিডিওটিতে লোকো পাইলটকে জরুরি ব্রেক বিকল হওয়া নিয়ে অভিযোগ করতে শোনা যায়। তবে, রেলওয়ে থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে না পারার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

google button