কিস্তওয়ারে নিখোঁজ ২ পুলিশ কর্মীকে হত্যা, উদ্ধার হল গুলিবিদ্ধ দেহ

Published:

Kishtwar

সৌভিক মুখার্জী, কলকাতা: অবশেষে উদ্ধার হল জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার (Kishtwar) জেলা থেকে নিখোঁজ হওয়া দুই স্পেশাল পুলিশ অফিসারের গুলিবিদ্ধ দেহ। বুধবার ১৭ রাষ্ট্রীয় রাইফেলসের সঙ্গে কর্মরত এই দুই কর্মী নিখোঁজ হয়ে গিয়েছিলেন বলেই খবর। তবে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, দু’জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তল্লাশি অভিযানের সময় তাঁদের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। যদিও নিখোঁজ হওয়ার সময় তাঁদের কাছে থাকা অস্ত্রশস্ত্র এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

জম্মু-কাশ্মীরে উদ্ধার ২ পুলিশ কর্মীর দেহ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই দুই পুলিশ কর্মীর নাম রবি চন্দ এবং রশপাল কুমার। তাঁদের বয়স যথাক্রমে ৫৭ এবং ৪৫ বছর। তাঁরা দু’জনেই দাচ্চনের কিয়ার গ্রামে স্থানীয় পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপে কর্মরত ছিলেন। সূত্রের খবর, বুধবার তাঁরা নিজেদের শিবির থেকে ধারণা-মড়ওয়া এলাকায় অবস্থিত সেনা চৌকির দিকে যাচ্ছিলেন। আর সেই পথেই নিখোঁজ হয়ে যান এই দুই জওয়ান।

এদিকে ওই দুই সেনা কর্মীর নিখোঁজ হওয়ার খবর সামনে আসা মাত্রই নিরাপত্তারক্ষীদের তরফ থেকে শুরু হয় বিশাল তল্লাশি অভিযান। দুর্গম পাহাড়ি রাস্তায় এবং ঘন জঙ্গলে ড্রোন ও স্নিফার ডগ পর্যন্ত নামানো হয়। কর্মকর্তারা জানিয়েছেন, শুরুর দিকে তাঁদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা যাচ্ছিল। তবে কিছুক্ষণ পর থেকেই ফোন দুটি সুইচ অফ হয়ে যায়। অবশেষে দীর্ঘ তল্লাশির পর জঙ্গল থেকে তাঁদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন নিরাপত্তারক্ষীরা।

আরও পড়ুন: কাশ্মীরে ডিউটি চলাকালীন জঙ্গিদের গুলিতে জখম বিষ্ণুপুরের শান্তনু, কেমন আছেন তিনি?

প্রসঙ্গত, কিস্তওয়ার বর্তমানে সন্ত্রাসবিরোধী অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি হয়ে উঠেছে। জেলার দুর্গম ও জঙ্গল ঘেরা এলাকাগুলিতে লুকিয়ে থাকা জঙ্গিদের নির্মূল করতে নিরাপত্তা বাহিনী সেখানে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে। এই এলাকায় জঙ্গিদের দাপট আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে বলেই দাবি নিরাপত্তা রক্ষীদের। এমনকি ২০২৬ সালে এখনও পর্যন্ত এখানে ৪ জন জঙ্গি এবং একজন জওয়ানসহ ৫ জনের মৃত্যু হয়েছে। ২০২৫-এ মৃতের সংখ্যা ছিল ৪ এবং ২০২৪-এ ৩ জন নিরাপত্তা কর্মী এবং ২ জন সাধারণ নাগরিকের প্রাণ গিয়েছিল।

google button