বিক্রম ব্যানার্জী, কলকাতা: সানিয়া মির্জার (Sania Mirza) জীবনে কি কোনও নতুন পুরুষের আগমন ঘটল? ভারতীয় টেনিস তারকার ব্যক্তিগত জীবন নিয়ে চিরকালই কাটাছেঁড়া চলে। বিশেষ করে প্রাক্তন স্বামী শোয়েব মালিকের সাথে বিচ্ছেদের পর বিতর্কে জড়িয়েছে ভারতীয় তারকার ব্যক্তিগত জীবন। প্রকাশ্যে চলে এসেছে নানান গোপন তথ্য! যে প্রশ্নটা বারবার ওঠে তা হল, সানিয়া মির্জা কি নতুন করে প্রেম পর্ব শুরু করেছেন? এবার তা নিয়ে মুখ খুললেন নিজেই। এক টক শোতে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকপট হলেন সানিয়া।
কী জানালেন ভারতীয় টেনিস তারকা?
সম্প্রতি নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদীর টক শো ‘ডাবল ডেট’-এ এসেছিলেন সানিয়া মির্জা। সেখানে উপস্থিত ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা চলচ্চিত্র নির্মাতা ফারাহ খানও। ওই টক শোতে ভারতীয় টেনিস তারকাকে উদ্দেশ্য করে একেবারে সরাসরি প্রশ্ন করা হয়, কেউ তাঁকে কফি ডেটে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায় কিনা! সানিয়া উত্তরে বলেন, একাধিক পুরুষ তাঁকে এই ধরনের প্রস্তাব দেন। তবে তিনি তাঁদের প্রত্যেককেই বন্ধুর চোখে দেখেন।
এদিন ওই টক শো চলাকালীন আচমকা ফারাহ খান বলেন, তাঁর কিছু বন্ধু তাঁকে প্রায়শই জিজ্ঞেস করে সানিয়া সত্যি একা কিনা। এর উত্তরে কোনও রাখঢাক না রেখে সানিয়া বলেন, “আমার জীবনে কোনও পুরুষ নেই এবং ভবিষ্যতেও আসবে কিনা তা আমি জানিনা।” ভারতীয় টেনিস তারকার এমন মন্তব্য একপ্রকার নাড়িয়ে দিয়েছে ভক্তদের। অনেকেরই মত, কতটা ধাক্কা খেলে মানুষের এই ধরনের মানসিকতা তৈরি হয়।
আরও পড়ুন: দুর্ঘটনার আগে কী ঘটেছিল কলকাতা-সাইরাং এক্সপ্রেসে? জানালেন লোকো পাইলট মন্টু ভৌমিক
উল্লেখ্য, 2010 সালে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সাথে সাত পাকে বাঁধা পড়েন সানিয়া মির্জা। পরে তাঁদের একটি পুত্র সন্তানও হয়। নাম ইজহান মির্জা মালিক। তবে কিছু ব্যক্তিগত সমস্যা থাকার কারণে একসাথে পথ চলা সম্ভব হচ্ছিল না দুজনের। যার কারণে 2024 সালে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। এর পর অবশ্য পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছিলেন পাক ক্রিকেটার শোয়েব মালিক।










