প্রীতি পোদ্দার, কলকাতা: শিবলিঙ্গ তুলে মন্দির দখল করে গোডাউন তৈরী করার অভিযোগ উঠল আরসালান বিরিয়ানির (Arsalan Land Grab Case) বিরুদ্ধে। কলকাতার কসবার টেগোর পার্ক এলাকায় মন্দিরের জমি দখল নিতে তুমুল শোরগোল রাজ্য রাজনীতিতে। অভিযোগ মন্দিরের ওপরেই নাকি অবৈধ নির্মাণ করে কিচেন (Arsalan Biryani Controversy) বানানো হয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই এবার কড়া অবস্থান নিলেন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।
মন্দিরের জমি দখলের অভিযোগ আরসালানের বিরুদ্ধে
গোডাউন সম্প্রসারণ নিয়ে সম্প্রতি শহরের বেশ পরিচিত বিরিয়ানি সংস্থা আরসালান কর্তৃপক্ষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে। জানা গিয়েছে, কলকাতার কসবার টেগোর পার্ক এলাকায় প্রাক্তন সরকারের আমলে শিবলিঙ্গ তুলে মন্দিরের ওপরেই অবৈধ নির্মাণ করা হয়েছে। শুধু তাই নয়, রাস্তা দখল করে গোডাউন কিচেন বানানো হয়েছে। আর এই নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে হিন্দুদের মধ্যে। এবার সেই নিয়ে আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট জানান, কোনও জমি বেআইনিভাবে দখল করে রাখা হলে তা মুক্ত করতেই হবে। সেই জমি মন্দিরের হোক কিংবা অন্য কোনও প্রতিষ্ঠানের।
আরসালান বিরিয়ানি (টেগোর পার্ক) মন্দির দখল করে গোডাউন তৈরী করেছে, শিবলিঙ্গ তুলে দিয়েছে ,মন্দিরের ওপরেই অবৈধ নির্মাণ করেছে।রাস্তা দখল করে গোডাউন কিচেন বানিয়েছে।মমতার আমলে এরা সব কিছু নিজের সম্পত্তি বানিয়ে নিয়েছিল। আর হিন্দুরা এদের দোকান থেকে গান্ডেপিন্ডে বিরিয়ানি গিলেছে। https://t.co/XN92WBNa1R
— Tolamul Monitor (@TMCWatch) November 12, 2026
কী বলছেন দিলীপ ঘোষ?
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন দিলীপ ঘোষ স্পষ্ট জানান, “মন্দির হোক বা অন্য কোনও জায়গা, যে জমিই বেআইনিভাবে দখল করা হয়ে থাকুক না কেন, তা উদ্ধার করা আগে প্রয়োজন। এমনকি এই ধরনের নির্মাণের ক্ষেত্রে বুলডোজার চালানো উচিত।” ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখলের এই অভিযোগ সামনে আসতেই স্থানীয় স্তরে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও জমির মালিকানা, নির্মাণের বৈধতা এবং দখলের অভিযোগ কতটা সত্য এখনও সম্পূর্ণটা জানা যায়নি। অন্যদিকে এখনও পর্যন্ত এই বিষয়ে আরসালান কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি, খোলা হবে না সোনার চোখ, নৈহাটির বড়মার বিসর্জনে নয়া চমক
প্রসঙ্গত, আরসালান সংস্থার বিরুদ্ধে জমি দখল ও বেআইনি নির্মাণের অভিযোগ এর আগেও উঠে এসেছিল। চলতি বছরের এপ্রিল ও মে মাসে কলকাতার পার্ক স্ট্রিট এলাকার আরসালান রেস্তোরাঁয় বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল। যদিও সেই সময় কলকাতা পুরসভার তরফে রেস্তোরাঁর অবৈধ অংশ ভেঙে ফেলা হয়েছিল। এখন দেখার কসবার টেগোর পার্ক এলাকার জমি নিয়ে যে অভিযোগ উঠে আসছে সেটা কতটা সত্যি।










