“কোন কোন বিচারক বিজেপির?” অভিষেকের কাছে তালিকা চাইল হাইকোর্ট

Published:

HIGH COURT

আনিষা চৌধুরী, কলকাতা: বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee)। তাঁর অভিযোগ ছিল, নিরাপত্তা সংক্রান্ত মামলা আদালতে উঠলেও দীর্ঘদিন ধরে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। এমনকি বিচারব্যবস্থার একাংশের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগও তুলেছিলেন তিনি। অভিষেকের সেই মন্তব্যকে কেন্দ্র করেই এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলল রাজ্য সরকার। সেই মামলার শুনানিতেই বিচারপতি কৃষ্ণ রাওয়ের প্রশ্নের মুখে পড়লেন অভিষেকের আইনজীবী।

বিচারকদের তালিকা চাইলেন বিচারপতি

বৃহস্পতিবার অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন বিচারপতি কৃষ্ণ রাও তাঁর আইনজীবীর কাছে জানতে চান, কোন কোন বিচারক বিজেপির এবং কোন কোন বিচারক তৃণমূলের, সেই তালিকা দেওয়া সম্ভব কি না। বিচারপতির বক্তব্য, একজন সাধারণ মানুষের ক্ষেত্রে বিষয়টি আলাদা হতে পারে, কিন্তু অভিষেক একজন জনপ্রতিনিধি। আদালতে কোনও বিষয়ে সমাধান না হলে অন্য আদালত, এমনকি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সুযোগও রয়েছে বলে মনে করিয়ে দেন তিনি। বিচারপতির কথায়, “কোন কোন বিচারক বিজেপির, তালিকা দিন অভিষেক। কোন কোন বিচারক তৃণমূলের, তারও তালিকা দিন। একজন সাধারণ মানুষ হলে আলাদা, কিন্তু তিনি তো সেটা নন। আপনার সমস্যা আছে, এখানে সমাধান না পেলে অন্য কোর্ট আছে। সুপ্রিম কোর্ট আছে, অবকাশকালীন বেঞ্চও ছিল।”

কী বলেছিলেন অভিষেক?

এর আগে নিজের নিরাপত্তা সংক্রান্ত মামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিষেক। তাঁর অভিযোগ ছিল, পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করছে না। আদালতে মামলা করেও সুরাহা মিলছে না বলে দাবি করেন তিনি। বিচারব্যবস্থার একাংশের বিরুদ্ধে আরও কড়া মন্তব্য করে অভিষেক বলেছিলেন, “কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না, আদানি মামলা করলে একদিনে হয়ে যাচ্ছে। আমার মামলায় তিন মাস ধরে কিছু হচ্ছে না। অনেক বিচারপতি সংবিধান রক্ষার চেষ্টা করছেন। এটা বলতে দ্বিধা নেই, একটা ক্লাস বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে। এটা কী ধরনের জুডিশিয়ারি?” তাঁর বক্তব্য ছিল, আদানিদের মামলা দ্রুত শুনানি পেলেও তাঁর নিরাপত্তা সংক্রান্ত মামলায় তিন মাস ধরে কোনও অগ্রগতি হয়নি।

অভিষেকের এই মন্তব্যকেই হাতিয়ার করে রাজ্য সরকার আদালত অবমাননার অভিযোগ তোলে। শুনানিতে রাজ্যের তরফে বলা হয়, রাজনৈতিক লড়াই থাকতেই পারে, কিন্তু তার সঙ্গে বিচারব্যবস্থাকে জড়ানো উচিত নয়। অভিষেকের সাক্ষাৎকারের বক্তব্যের পাশাপাশি তাঁর ফেসবুক পোস্টের কিছু অংশও আদালতে তুলে ধরা হয়। তাঁর বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার প্রক্রিয়া শুরু করার আবেদন জানায় রাজ্য। অন্যদিকে, অভিষেকের আইনজীবীর বক্তব্য ছিল, নিরাপত্তা সংক্রান্ত মূল মামলার সঙ্গে এই মন্তব্যের বিষয়টি এক ছকে ফেলা ঠিক হবে না।

আরও পড়ুন: জমি বিবাদের জেরে খুন বিজেপি নেতা, চরম শোরগোল দুর্গাপুরে, গ্রেফতার ২

উল্লেখ্য, অভিষেকের নিরাপত্তা নিয়ে মামলাটিও বৃহস্পতিবার শুনানিতে ওঠে। রাজ্য সরকারের সিদ্ধান্তে তাঁর নিরাপত্তা Z+ থেকে কমিয়ে X ক্যাটেগরি করা হয়েছিল বলে অভিযোগ। অভিষেকের আইনজীবী শোয়েব আলমের দাবি, নিরাপত্তা কমার পর অভিষেক ও তাঁর পরিবারের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। নতুন করে নিরাপত্তা পর্যালোচনার আবেদনও জানানো হয়েছিল। অন্যদিকে, রাজ্যের বক্তব্য ছিল, নিরাপত্তা নির্ধারণের জন্য নির্দিষ্ট মূল্যায়ন করা হয়েছে। এই মামলায় শুনানি শেষে নিরাপত্তা সংক্রান্ত আবেদনের রায় স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্ট।

google button