বিক্রম ব্যানার্জী, কলকাতা: পোশাক শিল্পে ভারতকে বিশ্ববাজারে কোণঠাসা করে দিচ্ছে আমেরিকা? আমেরিকার (America) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠিন শুল্ক নীতির কারণে মার্কিন বাজারে বড়সড় ধাক্কা খেয়েছে ভারতের বস্ত্র খাত। একটা সময় ছিল যখন ভারতের কারখানায় তৈরি 84 শতাংশ পোশাক রপ্তানি হতো আমেরিকায়। তবে দুঃখের বিষয়, ট্রাম্পের অতিরিক্ত শুল্কের চাপে পড়ে সেই পরিমাণটা নেমে এসেছে মাত্র 10 শতাংশেরও নিচে। বাংলাদেশের (Bangladesh) কয়েকটি প্রতিবেদন দাবি করছে, মার্কিন বস্ত্র বাজারে ভারতের এমন অবস্থা বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে।
ভারতকে কোণঠাসা করে বাংলাদেশকে সুযোগ করে দিচ্ছে আমেরিকা?
রয়টার্সের রিপোর্ট বলছে, মার্কিন শুল্ক 50 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার ফলে ভারতীয় বস্ত্র আমেরিকায় রপ্তানির পরিমাণ 10 শতাংশের নিচে নেমে এসেছে। যা ভারতীয় পোশাক খাতের জন্য বেশ বড় ধাক্কা সে কথা বলাই যায়। এক্ষেত্রে আমেরিকার ক্রেতারা কৌশলে হয় অর্ডার বাতিল করে দিচ্ছেন অন্যথায় বর্ধিত শুল্কের অন্তত 25 শতাংশ চাপাচ্ছেন ভারতীয় রপ্তানিকারক বা ব্যবসায়ীদের উপর। তাতে আখেরে ক্ষতি হচ্ছে ভারতেরই।
এ নিয়ে, বড় মন্তব্য করেছেন দেশের পোশাক প্রস্তুতকারক ওরিয়েন্ট ক্রাফটস’-এর প্রতিষ্ঠাতা সুধীর ধিংড়া। তাঁর মতে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের শুল্ক নীতি ভারতীয় রপ্তানিকারকদের মাথার উপর ঝুলন্ত তলোয়ারের মতো। পোশাক শিল্পে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের পরিমাণ যে দিন দিন কমেছে তার প্রমাণ দিচ্ছে জিটিআরআইও। তাদের হিসেব অনুযায়ী, 2025-26 আর্থিক বছরে আমেরিকার বাজারে ভারতীয় পোশাকের রপ্তানির পরিমাণ 12.1 শতাংশ কমে গিয়ে 9.4 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: সমস্ত বিবাদ শেষ! IPL 2027 নিলামে নাম লেখালেন মুস্তাফিজ সহ ৭ বাংলাদেশি
চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট মাসের মধ্যেও আমেরিকার বাজারে ভারতের পোশাকের রপ্তানি কমেছে 9.8 শতাংশের কাছাকাছি। যেখানে ভারতীয় রপ্তানিতে মার্কিন বাজারের মোট অংশীদারিত্ব 28.3 শতাংশ থেকে কমে গিয়ে 25.4 শতাংশে দাঁড়িয়েছে। যদিও আমেরিকায় হওয়া এই লোকসান পূরণ করতে ইতিমধ্যেই তৎপর হয়েছে ভারত। ভারত-ব্রিটেন বাণিজ্য চুক্তির শূন্য শুল্ক সুবিধাকে কাজে লাগিয়ে বিশেষ করে ব্রিটেন এবং ইউরোপের বাজারে ঝুঁকছে ভারতীয় সংস্থাগুলি। এদিকে অনেকেই মনে করছেন, ভারতের এই পিছনে সরে যাওয়া আমেরিকার বাজারে বাংলাদেশের জন্য দুর্দান্ত সুযোগ তৈরি করছে। সে ক্ষেত্রে বলাই যায়, ঘুরিয়ে ভারতকে চাপে রেখে বাংলাদেশকে সুযোগ করে দিচ্ছে ট্রাম্পের দেশ!










