অনন্যা সরকার, কলকাতা: দীর্ঘদিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিক থেকে মধ্যপ্রদেশের ইন্দোর (Indore) শীর্ষস্থানটি ধরে রেখেছিল। তবে আট বছরের এই আধিপত্যের এবার অবসান ঘটলো। মধ্যপ্রদেশকে পিছনে ফেলে এগিয়ে এসেছে মহারাষ্ট্র। ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর (India’s Cleanest City) হিসেবে নভি মুম্বাইয়ের (Navi Mumbai) মুকুটে যুক্ত হল নতুন পালক। ভারত সরকারের ‘স্বচ্ছ সর্বেক্ষণ সমীক্ষা ২০২৫-২৬’ (Swachh Survekshan 2025-26)-এর রিপোর্ট থেকে উঠে এসেছে এই তথ্য। এই সমীক্ষায় শীর্ষ তিনটি শহর হলো নভি মুম্বাই, সুরাট এবং বিজয়ওয়াড়া।
স্বচ্ছ শহর জুটিতেও ইন্দোর দ্বিতীয় স্থানে
গত আট বছর ধরে ইন্দোর সবচেয়ে পরিচ্ছন্ন শহরের শিরোপা ধরে রেখেছিল। এ বছর সাধারণ পরিচ্ছন্নতা তালিকার পাশাপাশি ‘স্বচ্ছ শহর জোড়ি’ (Swachh Shehar Jodi) নামে একটি নতুন বিভাগ যুক্ত করা হয়েছে। এই উদ্যোগের অধীনে একটি পরিচ্ছন্ন শহর অন্য একটি শহরকে তাদের পরিচ্ছন্নতার মান উন্নত করতে সহায়তা করে। এই বিভাগে আহমেদাবাদ ও সানন্দ জুটি প্রথম স্থান অর্জন করেছে করে নিয়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছে এতদিনের চ্যাম্পিয়ন ইন্দোর ও দেপালপুর জুটি। তৃতীয় স্থানটি দখল করেছে তিরুপতি ও কুপ্পাম জুটি। এছাড়া, মধ্যপ্রদেশের রেওয়াকে সবচেয়ে পরিচ্ছন্ন নদী তীরবর্তী শহর ও পুরীকে সবচেয়ে পরিচ্ছন্ন উপকূলীয় শহর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক অনুষ্ঠানে বিজয়ী শহরগুলোকে পুরস্কৃত করেছেন।
আরও পড়ুন: হাওড়া পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগের ইঙ্গিত, কারা হবেন? জানালেন মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, ২০২৫-২৬ সালের স্বচ্ছ সর্বেক্ষণ সমীক্ষায় দেশের ৪,৭০০টিরও বেশি শহর অংশগ্রহণ করেছে। সমীক্ষাটির মূল উদ্দেশ্য হলো ভারতের প্রতিটি শহরকে পরিচ্ছন্ন রাখা। পরিষ্কার শহর হিসেবে স্বীকৃতিলাভের আকাঙ্ক্ষা শহরগুলোর প্রশাসন ও পৌরসভাগুলিকে উচ্চমানের পরিচ্ছন্নতা বজায় রাখতে উৎসাহিত করে। নভি মুম্বাইয়ের সাফল্য প্রমাণ করেছে যে, সুপরিকল্পিত কর্মপদ্ধতির পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণই একটি পরিচ্ছন্ন শহর গড়ে তোলার মূল চাবিকাঠি।










