গর্ভবতী গাভীকে হত্যা করে শাবককে পুকুরে ফেলার অভিযোগ, দুর্গাপুরে গ্রেফতার ৪

Published:

dutgapur

আনিষা চৌধুরী, কলকাতা: গরু হত্যা ও গরু চুরির অভিযোগ ঘিরে ফের উত্তেজনা ছড়াল দুর্গাপুর (Durgapur) মহকুমার ফরিদপুর থানা এলাকায়। এবার একটি গর্ভবতী গাভীকে মাংসের জন্য হত্যা করে তার গর্ভে থাকা শাবককে পাশের গ্রামের পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল চার ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরতি গ্রামে। এই ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে ফরিদপুর থানার পুলিশ।

কী ঘটেছিল গ্রামে?

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরতি গ্রামের বাসিন্দা শেখ কালামাত, শেখ হাসিম, শেখ কলিমুদ্দিন এবং শেখ লতিফের বিরুদ্ধে গর্ভবতী গাভীটিকে হত্যার অভিযোগ উঠেছে। অভিযোগ, মাংসের জন্য গাভীটিকে কেটে ফেলার পর তার গর্ভে থাকা মৃত শাবকটিকে যমুনা গ্রামের একটি পুকুরে ফেলে দিয়ে আসা হয়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফরিদপুর থানার বিশাল পুলিশ বাহিনী। প্রাথমিক তদন্তে চারজনের নাম উঠে আসার পর অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, রাজ্যে পালাবদলের পর গোমাতা হত্যার বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করা হলেও দুর্গাপুর মহকুমার বেশ কিছু এলাকায় গোপনে এই ধরনের কাজ চলছিল। এর আগের দিনই গরু চুরির অভিযোগ জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। তার পরেই এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়।

এই বিষয়ে অন্ডাল, পাণ্ডবেশ্বর ও ফরিদপুরের এসিপি দীপকুমার দাস জানান, গোহত্যার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আরতি গ্রামের বাসিন্দারাও। তাঁদের দাবি, কয়েকজনের অপকর্মের জন্য গোটা গ্রামের বদনাম হচ্ছে। এই ধরনের অমানবিক ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন তাঁরা।

এদিকে, এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন আন্দোলনকারীরাও। তাঁদের দাবি, এলাকায় অবৈধ কসাইখানা অবিলম্বে বন্ধ করতে হবে। এক আন্দোলনকারীর কথায়, “অবৈধ কসাইখানা অবিলম্বে বন্ধ হোক। আশা করি প্রশাসন পদক্ষেপ নেবে নইলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। যতদিন না সুরাহা হবে ততদিন আমরা আন্দোলন করে যাব।”

আরও পড়ুন: খারিজ হল রক্ষাকবচের আবেদন, এবার মাটি চুরির মামলায় ‘শোন অ্যারেস্ট’ সুমিত রায়

প্রসঙ্গত, এর আগেও দুর্গাপুরের পাটসাওড়া ও যমুনা গ্রাম সংলগ্ন এলাকায় গর্ভবতী গরু হত্যার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। সেই ঘটনায় স্থানীয়দের প্রতিবাদ এবং থানার সামনে বিক্ষোভের খবরও প্রকাশ্যে এসেছিল। ফলে পরপর এমন অভিযোগে এলাকায় গরু হত্যা ও অবৈধ কসাইখানা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

আরওDurgapur
google button