আনিষা চৌধুরী, কলকাতা: দিন দিন বাংলার সংস্কৃতির অধঃপতন ঘটছে! বাঙালির গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতেও এবার কালি লেপে দেওয়ার অভিযোগ উঠল। হুগলি (Hooghly) জেলার আরামবাগের (Arambagh) হরিপুর সাইয়েদীয়া প্রাথমিক বিদ্যালয়ের (Primary School) দেওয়ালে আঁকা দুই মনীষীর ছবিতে কালি মাখানোর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
কীভাবে প্রকাশ্যে এল ঘটনা?
বর্তমানে বিদ্যালয়ে পুজোর ছুটি চলছে। সেই ছুটির মধ্যেই আচমকা স্কুলে আসেন প্রধান শিক্ষক। তখনই তাঁর নজরে পড়ে, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের দেওয়ালচিত্রের মুখে কালি লেপে দেওয়া হয়েছে। এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান তিনি। বিষয়টি জানাজানি হতেই স্কুলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দুই মনীষীর ছবির এমন অবমাননায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
স্থানীয়দের বক্তব্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শুধু বাঙালির গর্ব নন, দেশের সাহিত্য ও সংস্কৃতির জগতেরও উজ্জ্বল নক্ষত্র। তাঁদের ছবিতে এভাবে কালি মাখানোর ঘটনা অত্যন্ত নিন্দনীয়। কারা এই কাজ করল, তা নিয়ে প্রশ্ন উঠছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসীরা।
এক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “কী সংস্কৃতি চলছে এটা? একদিকে বইয়ের স্টল ভেঙে দিচ্ছে, আরেক দিকে মনীষীদের ছবিতে কালি মাখিয়ে দিচ্ছে। কোন সংস্কৃতির মধ্য দিয়ে যাচ্ছি আমরা! এখন স্কুলে ছুটি চলছে। রাতের অন্ধকারে কারা কী করে চলে যাচ্ছে, কীভাবে বুঝব?” তিনি আরও জানান, এই ঘটনায় পুলিশকে কিছু জানানো হয়নি। প্রধান শিক্ষক বিষয়টি দেখার পর ছবিগুলি পরিষ্কার করে দিয়ে গিয়েছেন।
আরও পড়ুন: গর্ভবতী গাভীকে হত্যা করে শাবককে পুকুরে ফেলার অভিযোগ, দুর্গাপুরে গ্রেফতার ৪
অন্য এক বাসিন্দার দাবি, এই কাজ কোনও শিশুর পক্ষে করা সম্ভব নয়। তাঁর কথায়, “যে-ই করে থাকুক, এই কাজ বাচ্চাদের নয়। বাচ্চারা অন্য জায়গায় কালি দিতে পারত, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের, নজরুলের মুখে কালি মারতে নেই, সেই জ্ঞান আছে তাদের। বড়রাই এই কাজ করেছে। রাতের অন্ধকারেও করতে পারে, দিনের বেলাও করতে পারে। কেউ দেখতে পায়নি।” তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়।










