রাশিয়াকে টপকে উপসাগরীয় দেশ থেকে বেশি তেল কিনছে ভারত, কারণ জেনে নিন

Published:

India Russia Oil

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধের জের, বদলে গেল ভারতের (India) তেল আমদানির সমীকরণ! এতদিন ভারত রাশিয়া (Russia) থেকে অতিরিক্ত ছাড়ে বিপুল অপরিশোধিত তেল কিনে আসছিল, তবে এবার রাশিয়াকে ছাপিয়ে গিয়ে প্রথমবারের মতো উপসাগরীয় দেশগুলি থেকেই অধিক পরিমাণে তেল কিনছে ভারত। একদিকে ইরান যুদ্ধের অস্থিরতা হরমুজ প্রণালীকে অবরুদ্ধ করে রেখেছিল। তবে সেই পরিস্থিতি ধীরে ধীরে সুস্থ হতেই বদলে গেল ভারতের তেল আমদানির অঙ্ক!

রাশিয়াকে টপকে তেল কিনছে ভারত!

রিপোর্ট অনুযায়ী, চলতি নভেম্বরে উপসাগরীয় অঞ্চল থেকে ভারত প্রতিদিন প্রায় 21 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল কিনেছে। যেখানে রাশিয়া থেকে নভেম্বরেই প্রতিদিন প্রায় 18 লক্ষ ব্যারেল তেল পেয়েছে নয়া দিল্লি। অর্থাৎ রাশিয়ার তুলনায় উপসাগরীয় দেশগুলি থেকে দৈনিক 3 লক্ষ ব্যারেল তেল বেশি আমদানি করছে ভারত সরকার। বিশেষজ্ঞ মহলের অনেকেরই দাবি, হরমুজ প্রণালীতে জ্বালানি পরিবহন ব্যবস্থার উন্নতি হতেই সৌদি আরব থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত এবং ইরাকের মতো দেশগুলি থেকে তেল আমদানি বাড়িয়েছে ভারত।

আসলে ইরান যুদ্ধের সময় হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে যাওয়ার কারণে ওই আন্তর্জাতিক জলপথ দিয়ে জ্বালানি সরবরাহের পরিমাণ একেবারে কমে গিয়েছিল। তাতে তেলের ব্যাপক ঘাটতি সামলাতে রাশিয়ার দিকে ঝুঁকেছিল ভারতীয় তেল শোধনাগারগুলি। যার ফলে রাশিয়া থেকে প্রতিদিন বিপুল তেল আসতো এ দেশে। তবে পরিস্থিতি কিছুটা উন্নত হতেই এবার রাশিয়াকে টপকে গিয়ে উপসাগরীয় দেশগুলি থেকে তেল কিনছে ভারত।

আরও পড়ুন: ভারতকে কোণঠাসা করে বাংলাদেশকে ব্যবসা করার বিরাট সুযোগ দিল আমেরিকা!

বলে রাখা প্রয়োজন, গত সেপ্টেম্বর মাসে মধ্যপ্রাচ্যের দেশ গুলি থেকে ভারতের জ্বালানি বা তেল আমদানির পরিমাণ বেড়েছিল অনেকটাই। সেই সময়, প্রতিদিন প্রায় 28 লক্ষ ব্যারেল তেল আসতো ভারতে। যা দেশের মোট আমদানির 54 শতাংশ। রিপোর্ট বলছে, রাশিয়া থেকে সাম্প্রতিক সময়ে তেল পেতে যেমন সময় লাগছে বেশি, তেমনই খরচ হচ্ছে মোটা টাকা। অন্যদিকে উপসাগরীয় দেশগুলি থেকে তেল আনতে ভারতের একদিকে সময় কম লাগছে, অন্যদিকে খরচও তুলনামূলক বেশ কম। আর এইসব কারণেই রাশিয়াকে টপকে উপসাগরীয় দেশগুলিতে ভরসা রাখছে নয়া দিল্লি।

google button