প্রীতি পোদ্দার, কলকাতা: প্যানিক অ্যাটাক (Panic Attack) এমনই একটি রোগ এটি একমাত্র যার হয় সেই বোঝে। কেউ আবার বিষয়টিকে কোনও সমস্যা বলে গুরুত্ব দিতেই চান না। কেউ আবার প্যানিক অ্যাটাককে ‘পাগল’ বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে চিকিৎসকরা বলছেন প্যানিক অ্যাটাক হল মনের ভিতরের নির্দিষ্ট কোনও আবেগজনিত সমস্যার বহিঃপ্রকাশ। কিন্তু অনেকেই বুঝে উঠতে পারে না, এই প্যানিক অ্যাটাক হলে ওই জরুরি সময়ে কী কী করা উচিত (Panic Attack First Aid)। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
শরীরে বাড়তে পারে সমস্যা
প্যানিক অ্যাটাক হলে ব্যক্তি বিশেষে আলাদা আলাদা সমস্যা দেখা যায়। কারোর ক্ষেত্রে হৃদস্পন্দন বেড়ে গিয়ে বুকে চাপ অনুভব হয় তো কারোর আবার শুরু হয়ে যায় শ্বাসকষ্ট, পরিস্থিতি এত জটিল হয় যে হাতের তালু ঘেমে যায়, মাথা ঘোড়ায়, বমি পায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন শরীরে কর্টিসল ও অ্যাড্রেনালিন হরমোনের বিশৃঙ্খলা দেখা দিলে এই সমস্যা দেখা যায়। তার ফলে ভেতরে তৈরি হওয়া প্রচণ্ড মানসিক চাপ ধীরে ধীরে বহিঃপ্রকাশ হতে থাকে। তাই এই সময়ে ঠান্ডা মাথায় বিষয়টিকে সামলানো প্রয়োজন।
প্যানিক অ্যাটাক হলে কী করবেন?
ঠান্ডা জলের ঝাপটা
স্ট্রেস হল প্যানিক অ্যাটাকের মূল কারণ। দিনের পর দিন এই ধিকিধিকি জ্বলা আগুন যখন ভয়ংকর আকার নেয় তখনই প্যানিক অ্যাটাক হয়। এর জন্য সবার আগে মুখে ঠান্ডা জলের ঝাপ্টা দিতে পারেন। এছাড়াও বরফের টুকরো ঘষতে পারেন, এতে মস্তিষ্ক থেকে অতিরিক্ত চিন্তা দূরে সরে যাবে।
আরও পড়ুন: অল্প শীতেই ফাটছে ঠোঁট? রক্ত বেরোনোর আগে মেনে চলুন এই ঘরোয়া টিপস
৪-৭-৮ শ্বাস-প্রশ্বাস নিয়ম
প্যানিক অ্যাটাকের সময় এমনিতেই শরীর অস্থির অস্থির লাগে সেই সময় যদি শ্বাস-প্রশ্বাসের নিয়ম মানা যায় তাহলে অনেকটা স্বস্তি মিলবে। এর জন্য প্রথমে ৪ সেকেন্ড ধরে শ্বাস নিন এবং ৭ সেকেন্ড ধরে রাখুন এরপর ৮ সেকেন্ডে ছেড়ে দিন। দেখবেন এটি হৃদস্পন্দনকে সামান্য ধীর করে এবং স্নায়ুতন্ত্রকে শান্ত করে।
হাঁটাহাঁটি করুন
প্যানিক অ্যাটাকের সময় ভীষণ দমবন্ধ লাগে, তখন দরকার পড়ে ফ্রেস বায়ুর এবং ফ্রিজ মোড থেকে বেরিয়ে আসতে হাঁটাচলা করুন। আসলে হাঁটাহাঁটি করলে অ্যাড্রেনালিন খরচ হয় এবং শরীর বেশ হালকা লাগে। তবে এগুলি দীর্ঘমেয়াদী কোনও সমাধান নয়। এর স্থায়ী প্রতিকারের জন্য তাই কাউন্সিলর বা চিকিৎসকের পরামর্শ নিন।










