প্রীতি পোদ্দার, কলকাতা: আর কিছুদিন পরেই আসতে চলেছে শীত। এখনই ভোর এবং রাতের দিকে শীতের আমেজ বেশ বোঝা যাচ্ছে। ফলে হাত-পায়ের চামড়া শুকনো খসখসে যেমন হয়ে যাচ্ছে ঠিক তেমনই শুকিয়ে যায় ঠোঁটও (Winter Lip Care Tips)। অথচ সেই সময় ঠোঁটের যত্ন নিতে অনেকেই চান না, আর তখন থেকেই শুরু হয় ঠোঁট (Lip) ফাটা। ফাটতে ফাটতে এমন জায়গায় পৌঁছয় যে রক্ত বেরোয়। তাই এই সময় কী কী করা উচিত একনজরে আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন বিস্তারিত।
শীতে আর্দ্রতা কমে যায় ঠোঁটের
শীতকালে এমনিতেই ঠোঁটের চামড়া শুষ্ক হয় খুব তাড়াতাড়ি, আর তাতেই ঠোঁট তার স্বাভাবিক নমনীয়তা হারায়। তখনই ঠোঁটের ত্বক শুষ্ক হয়ে উঠতে শুরু করে। তাই ত্বকের পরিচর্যার পাশাপাশি ঠোঁটের যত্ন না নিলে, শীতের সময়ে তা আরও শুষ্ক হয়ে যায়। তাই এই সময় কী কী করবেন তা একনজরে জেনে নিন বিস্তারিত।
ঠোঁট ফাটলে কী কী করবেন?
- ঠোঁট ফেটে রক্ত বের হলে বা ঠোঁটের চামড়া টানতে গিয়ে কেটে গেলে যদি রক্ত বেরোয়, তাহলে এই সময় কোনো লিপস্টিক বা সুগন্ধযুক্ত লিপবাম ব্যবহার না করাই ভাল। কারণ, ওই ধরনের লিপবামে রাসায়নিক থাকে, যা ঠোঁটের ইনফেকশন আরও বেড়ে যেতে পারে। তাই এইসময় রাতে ঘুমানোর আগে পুরু করে ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। দেখবেন ধীরে ধীরে ঠোঁটের আর্দ্রতা ঠিক থাকবে এবং সংক্রমণের ভয়ও থাকবে না।
- ঠোঁট ফাটার অন্যতম কারণ হল জল না খাওয়া। সেক্ষেত্রে শীতের দিনেও আর্দ্রতা ধরে রাখতে জল কম খেলে চলবে না। অন্তত ৮-১০ গ্লাস জল পান করতে হবে। এছাড়াও অনেকের ঠোঁট জিভ দিয়ে ভেজানোর প্রবণতা রয়েছে। কারণ মুখের লালা ঠোঁটকে আরও বেশি শুষ্ক করে দেয় এবং ইনফেকশন আরও বাড়তে পারে।
আরও পড়ুন: ভাইফোঁটায় ভাই-বোনকে চমকে দিতে দিয়ে ফেলুন এই উপহারগুলি, রইল কিছু আইডিয়া
- ঠোঁটের আর্দ্রতা বজায় রাখার জন্য দরকার স্ক্রাব। এই জন্য একটা বাটিতে গুঁড়ো চিনির সঙ্গে মধু আর সামান্য পাতিলেবুর রস এবং কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে এই সুগার স্ক্রাবটি ১৫ থেকে ২০ মিনিট রেখে তারপর জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। দেখবেন ঠোঁট থাকবে আর্দ্র, কোমল এবং উজ্জ্বল।
- ঠোঁটের আর্দ্রতা ভালোভাবে ধরে রাখার জন্য একটি বাটিতে এক চামচ ঘিয়ের সঙ্গে এক চামচ নারকেল তেল ভালো করে মিশিয়ে নিয়ে সেই মিশ্রণ রাতে শোয়ার আগে ভাল করে ঠোঁটে মালিশ করে নিন। দেখবেন ঠোঁট মোলায়েম হয়ে উঠবে।










