অনন্যা সরকার, কলকাতা: ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যেই ভারতীয় রেলের মানচিত্রে যুক্ত হতে চলেছে সিকিম। প্রথমবার ট্রেনের চাকা গড়াতে চলছে এই শৈল শহরে। সেবক-রংপো রেলপথে (Sivok–Rangpo Railway Project) ইতিমধ্যেই পরীক্ষামূলক ট্রেন চলাচল বা ট্রায়াল রান শুরু হয়েছে। প্রায় ১৭,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪৪.৯৬ কিলোমিটার দীর্ঘ এই রেল প্রকল্পটি সিকিমের প্রথম রেল সংযোগের স্বপ্ন বাস্তবায়িত করতে চলেছে। ট্রায়াল রান শুরু হওয়ায় আশায় দিন গুনছেন সিকিমবাসী।
ট্রায়াল রান শুরু হল সেবক-রংপো রেলপথে
সম্প্রতি কালিজোরা ও রাম্বির মাঝে একটি পরীক্ষামূলক ট্রেন ও ট্র্যাক-পরিদর্শনকারী যান চালিয়ে সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। স্বাধীনতার পর এই প্রথমবার ভারতীয় রেলকে সিকিমের রংপো পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (Northeast Frontier Railway) এক কর্মকর্তা জানান যে, এই রেলপথের ৪১.৫৫ কিলোমিটার অংশ পশ্চিমবঙ্গে এবং ৩.৪১ কিলোমিটার অংশ সিকিমে পড়েছে।
প্রকল্পটি ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে এবং এরপরই বাণিজ্যিক পরিষেবা শুরু হবে বলে আশা করা হচ্ছে। এই রুটে ১৪টি সুড়ঙ্গ ও ২৩টি সেতু থাকবে। এর মধ্যে দীর্ঘতম সুড়ঙ্গটি প্রায় ৫,৩০০ মিটার এবং ক্ষুদ্রতমটি ৫৪২ মিটার দীর্ঘ। পুরো রেলপথের প্রায় ৮৬ শতাংশই পাহাড় কেটে তৈরি সুড়ঙ্গের মধ্য দিয়ে যাবে। এই পথে পাঁচটি স্টেশন থাকবে – সেবক, রিয়াং, তিস্তা বাজার, মেল্লি এবং রংপো। উল্লেখযোগ্যভাবে, তিস্তা বাজার হতে চলেছে দেশের প্রথম ভূগর্ভস্থ রেল স্টেশন। খরস্রোতা তিস্তা নদীর পাশ দিয়ে পাহাড়ি ভূখণ্ডের মধ্য দিয়ে এই রেলযাত্রা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে চলেছে।
আরও পড়ুন: ব্রহ্মোসের ভয়ে ঘুম হারাম! ভারতের হামলা ঠেকাতে ওরমারা নৌঘাঁটি ঢেলে সাজাচ্ছে পাকিস্তান
বর্তমানে শিলিগুড়ি থেকে সড়কপথে সিকিম যেতে সময় লাগে বেশ কয়েক ঘণ্টা। আর প্রায়শই ধস বা যানজটের কারণে যাত্রাপথে বিলম্ব হয়। তবে রেল পরিষেবা চালু হলে সিকিম পৌঁছাতে সময় লাগবে মাত্র এক থেকে দেড় ঘণ্টা। রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সেবক-রংপো রেলপথ চালু হওয়ার পর গ্যাংটক পর্যন্ত আরও ৩৪ কিলোমিটার রেলপথ সম্প্রসারণ করা হবে। এই সংযোগের ফলে পর্যটন শিল্প, যাত্রী পরিষেবা, বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নে গতি আসবে বলে আশা করা যায়। তাছাড়া, এটি চীন সীমান্তের কাছাকাছি সংবেদনশীল অঞ্চলে দ্রুত সামরিক বাহিনী ও সরঞ্জাম পৌঁছানোর ক্ষেত্রেও সাহায্য করবে।










