নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! এবার মমতার বিরুদ্ধে মামলা করবেন শুভেন্দু

Published:

suvendu mamata conflict (2)

আনিষা চৌধুরী, কলকাতা: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে মমতা ব্যানার্জিকে (Mamata Banerjee) পরাজিত করে রাজনৈতিক লড়াইয়ে বড় জয় পেয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও ভবানীপুর ও নন্দীগ্রাম, দুই কেন্দ্রেই মমতাকে হারিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি। মঙ্গলবার নন্দীগ্রাম দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুরের গোকুলনগরে শহিদদের স্মরণ অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু। সেখান থেকেই একাধিক রাজনৈতিক ইস্যুতে সরব হন তিনি। বিশেষ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাকে নিশানা করে তাঁর নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তোলেন এবং নতুন করে আইনি পদক্ষেপের কথা ঘোষণা করেন।

কী বক্তব্য মুখ্যমন্ত্রীর?

এই অভিযোগের পিছনে রয়েছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের মনোনয়ন জমা ও যাচাইয়ের পর্ব। শুভেন্দুর দাবি, প্রার্থী হওয়ার সময় মমতা ব্যানার্জি নিজের নির্বাচনী হলফনামায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করেননি। মনোনয়নপত্র যাচাই বা স্ক্রুটিনির সময় একাধিক প্রার্থী এই বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছিলেন বলেও দাবি তাঁর। কিন্তু সেই আপত্তি খারিজ করে দিয়েছিলেন দায়িত্বপ্রাপ্ত তৎকালীন রিটার্নিং অফিসার। ফলে অভিযোগ ওঠা সত্ত্বেও মমতার মনোনয়ন গ্রহণ করা হয়েছিল বলে দাবি করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী।

অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘নির্বাচনের সময় উনি নিজের হলফনামায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। স্ক্রুটিনির সময় একাধিক প্রার্থী এই নিয়ে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও তৎকালীন রিটার্নিং অফিসার, যিনি দায়িত্বে ছিলেন, সেই আপত্তি খারিজ করে দেন। তথ্য গোপন সত্ত্বেও তিনি স্ক্রুটিনিতে আটকাননি। আমি এটা নিয়ে মামলা করব, এসব করা যায় না।’’

তিনি জানান, এই ধরনের অনিয়ম কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তাঁর বক্তব্য, নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের বিষয়টি অত্যন্ত গুরুতর। শুধু প্রার্থীর ভূমিকাই নয়, যে আধিকারিক আপত্তি থাকা সত্ত্বেও মনোনয়ন গ্রহণ করেছিলেন, তাঁর ভূমিকাও খতিয়ে দেখা প্রয়োজন। সেই কারণেই সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের বিরুদ্ধেও তদন্তের কথা জানিয়েছেন তিনি। অর্থাৎ, গোটা বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপের পাশাপাশি প্রশাসনিক স্তরেও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ভাইফোঁটায় বৃষ্টি, জোড়া ঘূর্ণাবর্তের জেরে হলুদ সতর্কতা, আগামীকালের আবহাওয়া

এদিনের সভা থেকে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তাও দেন শুভেন্দু। তাঁর বক্তব্য, কোনও দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হবে না। আগের সরকারের আমলে ঘটে যাওয়া বিভিন্ন অনিয়মের অভিযোগও একে একে সামনে আনা হবে। নন্দীগ্রামের মঞ্চ থেকে তৃণমূলকে আক্রমণ করে আগামী একশো বছরেও রাজ্যে তৃণমূলের প্রত্যাবর্তন হবে না বলেও দাবি করেন তিনি। রাজনৈতিক মহলের মতে, মমতার হলফনামা নিয়ে নতুন আইনি পদক্ষেপের ঘোষণাও রাজ্যের বর্তমান রাজনৈতিক সংঘাতকে আরও তীব্র করতে পারে।

google button