ভাইফোঁটায় বৃষ্টি, জোড়া ঘূর্ণাবর্তের জেরে হলুদ সতর্কতা, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিন ধরেই কলকাতা এবং দক্ষিণবঙ্গের (South Bengal) বিস্তীর্ণ এলাকার আবহাওয়া বেশ মনোরম। ভোর এবং রাতের দিকে বেশ শীতল আমেজ দেখা যাচ্ছে। তবে এবার সেই আবহাওয়ায় খানিক ব্যাঘাত ঘটাল জোড়া ঘূর্ণাবর্ত। জানা গিয়েছে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও উত্তর-পূর্ব বিহারে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। যার ফলস্বরূপ আগামীকাল (Weather Tomorrow) বুধবার ভাইফোঁটার দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে।

আজকের আবহাওয়া

কালীপুজোর আনন্দ মিটতেই আজ, মঙ্গলবার থেকেই শুরু হল বৃষ্টি। পূর্বাভাস ছিল আজ অর্থাৎ মঙ্গলবার থেকে আবহাওয়া কিছুটা বদলে যাবে রাজ্যের। ভারী বৃষ্টি না হলেও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। আর সেই পূর্বাভাস সত্যি করে আজ থেকেই বদলে গেল মনোরম আবহাওয়া। দুপুর গড়াতেই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হয়ে চলেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্বাভাস, আগামীকালও থাকবে বৃষ্টির রেশ। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে, আগামীকাল বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে। একটু বেলা গড়াতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায়, অবস্থানরত উর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তের জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যেই ভাইফোঁটায় বিক্ষিপ্ত বৃষ্টির জেরে নদিয়া, হুগলি, দুই ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুর এই ৬ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে আপাতত কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকায় লাল বা কমলা সতর্কতা জারি করা হয়নি। আশা করা যাচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।

আরও পড়ুন: ভোটের প্রচারে অংশ নিতে পারবেন না সরকারি আধিকারিকরা, কড়া নির্দেশ কমিশনের

কলকাতায় আগামীকালের আবহাওয়া

পূর্বাভাস অনুযায়ী আজ থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। জানা গিয়েছে আগামীকালও বৃষ্টি হবে কলকাতায়। তবে আপাতত হবে না ভারী বৃষ্টি। যদিও হাওয়া অফিস জানাচ্ছে, বৃষ্টির জেরে রাজ্যের তাপমাত্রা কিছুটা কমবে যা শীত আসতে উপকূল পরিস্থিতি তৈরি করে দিতে পারে। তবে, এখনই বৃষ্টির জেরে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আবহাওয়াবিদদের একাংশের মতে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে জাঁকিয়ে শীত পড়বে না রাজ্যে। এদিকে ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টি হবে আগামীকাল, বুধবার। ইতিমধ্যেই দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানেও আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। অন্যদিকে বৃষ্টি হলেও ভোর ও রাতের দিকে শীতের হালকা আমেজ আরও ভাল করে অনুভূত হতে পারে।

google button