ভোটের প্রচারে অংশ নিতে পারবেন না সরকারি আধিকারিকরা, কড়া নির্দেশ কমিশনের

Published:

Election Commission of India

আনিষা চৌধুরী, কলকাতা: দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের (Election Commission of India) তরফে নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। ৯ নভেম্বর প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে নির্বাচনী আচরণবিধি (Model Code of Conduct) চলাকালীন সরকারি কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক এবং বিভিন্ন পদে পুনর্নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। গোয়া, মণিপুর, পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের মুখ্যসচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিকদের উদ্দেশে এই চিঠি পাঠানো হয়েছে।

কী সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন?

ভারতের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, দেশে লোকসভা, রাজ্য বিধানসভা, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার তত্ত্বাবধান, নির্দেশনা এবং নিয়ন্ত্রণের দায়িত্ব এই কমিশনের হাতে রয়েছে। নির্বাচনের সময় রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ নিয়ন্ত্রণ এবং নির্বাচনী প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রেও কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবেই এবার সরকারি পদে যুক্ত ব্যক্তিদের রাজনৈতিক আচরণ নিয়ে নির্দেশিকা জারি করেছে কমিশন।

বিজ্ঞপ্তিতে যে নির্দেশগুলি দেওয়া হয়েছে

  • সরকারি কর্মীরা কোনও রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার বা ভোটের প্রচারে অংশ নিতে পারবেন না। কোনও ব্যক্তি বা দলকে সাহায্য করতে নিজেদের নাম, সরকারি পদ কিংবা ক্ষমতা ব্যবহার করাও নিষিদ্ধ।
  • সরকার সম্পূর্ণ বা আংশিক অর্থসাহায্য করে, এমন সমস্ত সংস্থা, কমিটি, কর্পোরেশন ও কমিশনের ক্ষেত্রেও নির্বাচনী আচরণবিধি প্রযোজ্য হবে। সেখানকার কর্মীদেরও তা মেনে চলতে হবে।
  • রাজ্যের সংশ্লিষ্ট আচরণবিধি অনুযায়ী সরকারি কর্মচারীরা রাজনৈতিক কার্যকলাপ ও নির্বাচনে অংশ নিতে পারবেন না।
  • বিভিন্ন পদে নিযুক্ত, বা পুনর্নিয়োগপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকদের ক্ষেত্রেও একই বিধিনিষেধ কার্যকর হবে।
  • যে বিধানসভা কেন্দ্র বা জেলায় নির্বাচনের ঘোষণা হয়েছে, সেখানকার কোনও নির্বাচনী আধিকারিককে সরকারি আলোচনার জন্য ডাকা যাবে না। তাঁদের নিয়ে বৈঠক বা ভিডিও কনফারেন্সও করা যাবে না।
  • কমিশনের নির্দেশ অমান্য করলে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

মূলত নির্বাচনের সময় সরকারি পদ, ক্ষমতা বা প্রভাব ব্যবহার করে কোনও রাজনৈতিক দল কিংবা প্রার্থী যাতে কোনও বাড়তি সুবিধা ভোগ করতে না পারেন, তাই জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগে কর্মরত সরকারি কর্মীদের ক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল, এবার তা সরকার-নিযুক্ত অবসরপ্রাপ্ত আধিকারিকদের ক্ষেত্রেও স্পষ্টভাবে কার্যকর করা হল।

আরও পড়ুন: ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস কবে খুলবে? রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

উল্লেখ্য, ২০২৭ সালে এই পাঁচ রাজ্যেই বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে নির্বাচনী প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখতে কমিশনের এই নির্দেশ নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। এই নির্দেশিকাটি সংশ্লিষ্ট রাজ্যগুলির সমস্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে পৌঁছে দিয়ে কঠোরভাবে তা কার্যকর করার কথাও বলা হয়েছে।

google button