“বুদ্ধবাবু ভালো মানুষ ছিলেন, কিন্তু দলটা ভালো ছিল না” নন্দীগ্রাম থেকে সিপিএম-তৃণমূলকে তুলোধোনা মুখ্যমন্ত্রীর

Published:

nandigram (1)

আনিষা চৌধুরী, কলকাতা: নন্দীগ্রাম (Nandigram) দিবসের ১৯ বছর পূর্তিতে মঙ্গলবার, ১০ নভেম্বর, পূর্ব মেদিনীপুরের গোকুলনগরে শহিদ স্মরণ মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ২০০৭ সালের ১০ নভেম্বর নন্দীগ্রামে রক্তাক্ত সংঘর্ষ ও অপারেশন সূর্যোদয়ের স্মৃতি স্মরণে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এদিন শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তৎকালীন বাম সরকারের ভূমিকা, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, প্রবীণ বাম নেতা বিমান বসু এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। একাধিক রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম ও তৃণমূল, দুই দলকেই আক্রমণ করেন শুভেন্দু।

বুদ্ধদেবকে নিয়ে আলাদা সুর শুভেন্দুর

এদিন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রসঙ্গ উঠতেই তাঁর প্রতি শ্রদ্ধা জানান শুভেন্দু। তিনি বলেন, “বুদ্ধবাবু ভালো মানুষ ছিলেন, কিন্তু দলটা ভালো ছিল না।” বুদ্ধদেবের ব্যক্তিগত সততা ও তাঁর সঙ্গে নিজের সম্পর্কের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “উনি ব্যক্তিগত জীবনে খুব সৎ ছিলেন। কয়েকদিন আগে ওঁর সহধর্মিনী অসুস্থ হয়েছিলেন। আমি দেখতে গিয়েছিলাম।” অর্থাৎ, বাম সরকারের নীতির সমালোচনা করলেও ব্যক্তি বুদ্ধদেবকে সেই আক্রমণের বাইরে রাখার বার্তাই দেন তিনি।

বিমান বসুর পুরনো মন্তব্যও মনে করালেন

একইসঙ্গে প্রবীণ বাম নেতা বিমান বসুর পুরনো মন্তব্য নিয়েও সরব হন শুভেন্দু। ২০০৭ সালের ১০ নভেম্বরের ঘটনার পর বুদ্ধদেব ভট্টাচার্যের দেওয়া একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “প্রয়াত মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন, ‘they have been paid back by their own coin।’ অনেকেই ভি চিহ্ন দেখিয়েছিলাম। এখনও বেঁচে আছেন অশীতিপর বিমানবাবু। ওঁকে শ্রদ্ধা জানিয়ে বলি, সেই সময় বলেছিলেন নন্দীগ্রামে নতুন সূর্য উঠেছে।” এরপরই শুভেন্দুর সংযোজন, “আজ ১০ নভেম্বর, ১৯ বছর অতিক্রান্ত। আমি আমার সংকল্পে সেদিনও অবিচল ছিলাম, আজও আছি।” ২০০৭ সালের নন্দীগ্রামের রক্তাক্ত ঘটনাকে কেন্দ্র করেই এদিন পুরনো রাজনৈতিক অবস্থান ও মন্তব্যের প্রসঙ্গ সামনে আনেন তিনি।

মমতার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিলেন

নন্দীগ্রামের শহিদ পরিবারগুলির জন্য ক্ষতিপূরণ ও ডেথ সার্টিফিকেটের প্রসঙ্গ তুলে মমতা ব্যানার্জিকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, “মমতা ব্যানার্জি সেদিন বলেছিলেন, ছোট বোন নন্দীগ্রামে আমি ভোটে লড়বো। এই লোকগুলোকে ওনার ১৫ বছরের মুখ্যমন্ত্রী থাকা কালে ডেথ সার্টিফিকেটটা দেননি। হাইকোর্ট করে আমি সেটা আদায় করে দিয়েছি। এবং চার লাখ টাকা করে পশ্চিমবঙ্গ সরকার ক্ষতিপূরণ দিয়েছিল। এটা পশ্চিমবঙ্গ সরকারের টাকা মমতা ব্যানার্জির ফ্যামিলির টাকা নয়। এসব কাণ্ডকারখানা অনেক হয়েছে।” অর্থাৎ, ২০০৭ সালের ঘটনায় মৃতদের পরিবারের ডেথ সার্টিফিকেট পাওয়া এবং ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিকে সামনে রেখেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলেন শুভেন্দু। তাঁর দাবি, আদালতের মাধ্যমে সেই সমস্যা মেটানোর উদ্যোগ নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: শিয়ালদহ-শান্তিপুর এসি লোকাল, পুরনো স্টেশন চালু! রেলের কাছে একাধিক দাবি জগন্নাথের

এরপর শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শহিদ বেদিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের শহিদদের স্মরণে নীরবতা পালন কর্মসূচিও হয়। ২০০৭ সালের ঘটনার পূর্ণাঙ্গ বিচারের দাবি জানিয়ে পুরনো মামলাগুলি নতুন করে খতিয়ে দেখা এবং প্রয়োজনে নতুন এফআইআর দায়েরের কথাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, শহিদ পরিবারগুলির পাশে থাকার পাশাপাশি গত কয়েক মাসে কয়েকজনের চাকরির ব্যবস্থাও করা হয়েছে। শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েই এদিনের কর্মসূচি শেষ হয়।

google button