সৌভিক মুখার্জী, কলকাতা: তৃণমূল সরকারের আমলে দুর্নীতির কারণে চাকরি গিয়েছিল ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর (SSC Job Case)। চলতি বছরে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ হলেও আগের সরকারের সেই দুর্নীতির কারণে চাকরি ফিরে পাননি প্রায় ১ হাজার অশিক্ষক কর্মী। তবে এবার আদালতের চাপে পড়ে নতি স্বীকার করল স্কুল সার্ভিস কমিশন। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে চাকরি ফিরে পেয়েছেন ৭৯ জন শিক্ষক-শিক্ষিকা। কলকাতা হাইকোর্টের নির্দেশ আর আদালতে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এদিন ওই শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি।
৭৯ জনের চাকরি ফিরিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন
২০১৬ সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগে দুর্নীতির জল গড়িয়েছিল হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। শেষমেষ সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী গোটা প্যানেল বাতিল করতে বাধ্য হয় এসএসসি। সেই কারণেই চাকরি হারিয়েছিলেন ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী। এদিকে এরই মধ্যে সরকার পরিবর্তন হয়েছে রাজ্যে। নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম থেকেই বলে এসেছেন, স্বচ্ছতার সাথেই হবে এবার নিয়োগ। তবে এবার আপার প্রাইমারির ৭৯ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি ফিরিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন।
বেশ কিছু সূত্র অনুযায়ী খবর, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় আপার প্রাইমারি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ—এই দিনটি স্তরে চূড়ান্ত মেধা তালিকায় ৭৯ জনের নাম ছিল। তবে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীতে আগে নিয়োগ হওয়ার কারণে আপার প্রাইমারির কাউন্সেলিংয়ে তাঁরা অংশগ্রহণ করতে পারেননি। তাঁদের বিরুদ্ধে কোনও অনিয়মের অভিযোগ ছিল না বলেই খবর। এদিকে তারই মধ্যে চাকরি বাতিল হয় ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর। কিন্তু তাঁদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ না থাকায় চাকরি ফেরানোর দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমন বেরারা।
আরও পড়ুন: দেখা হলে অন্যদিকে তাকিয়ে থাকেন! আত্মজীবনীতে মোদীর সম্পর্কে বিস্ফোরক সোনিয়া গান্ধী
যদিও সেই সময় রাজ্যের উচ্চ আদালতের বিচারপতি সৌগত ভট্টাচার্য এই ৭৯ জনের কাউন্সেলিংয়ের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে তাবাকার্যকর করেনি স্কুল সার্ভিস কমিশন। সেই কারণেই শুরু হয় আদালত অবমাননার মামলা। এমনকি শুনানির সময় ছয় সপ্তাহের মধ্যেই চূড়ান্ত নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে আদালতে মুচলেকা দিয়েছিল এসএসসি। এরই মধ্যে রাজ্যে সরকার পরিবর্তন থেকে শুরু করে জল গড়িয়েছে অনেক দূর। আর সেই প্রতিশ্রুতি মেনেই এবার এই ৭৯ জনের চাকরি ফেরানোর বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। অবশেষে চাকরি ফিরে পেয়ে খুশির হাওয়া বইছে তাঁদের মধ্যে।










