বেসিক বেতন হবে ১,১৫,৪০০ টাকা! অষ্টম বেতন কমিশন নিয়ে বিরাট সুখবর

Published:

8th Pay Commission

আনিষা চৌধুরী, কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) ঘিরে অপেক্ষা ক্রমশ বাড়ছে। ২০২৫ সালের ৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে গঠিত এই কমিশনকে সুপারিশ জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়েছে। সেই হিসাবে ২০২৭ সালের মে মাস নাগাদ রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা থাকলেও, মে-জুনের মধ্যে সুপারিশ আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। এর আগে সপ্তম বেতন কমিশন ২০১৫ সালের ১৯ নভেম্বর তাদের রিপোর্ট জমা দিয়েছিল। এবার অষ্টম বেতন কমিশনে নতুন বেতন কাঠামো, ফিটমেন্ট ফ্যাক্টর, মহার্ঘ ভাতা, পেনশন এবং কর্মীদের অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই নজর রয়েছে।

বেতন কতটা বাড়তে পারে?

নতুন বেতন কত হতে পারে, তার একটি সম্ভাব্য হিসাব সামনে এসেছে। উদাহরণ হিসেবে, ধরা যাক কোনও কর্মীর বর্তমান বেসিক বেতন ৪৪,৯০০ টাকা। সপ্তম বেতন কমিশনের মতো ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর অষ্টম কমিশনেও কার্যকর হলে পুরনো বেসিকের সঙ্গে ওই সংখ্যাকে গুণ করতে হবে। সেই হিসাবে ৪৪,৯০০ টাকার বেসিক বেতন বেড়ে হতে পারে ১,১৫,৩৯৩ টাকা। তবে এটি একটি উদাহরণভিত্তিক হিসাব, সবার বেতন এত হবে এমন নয়।

বেতন বৃদ্ধির অঙ্ক নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ফিটমেন্ট ফ্যাক্টর। সপ্তম বেতন কমিশনে এই হার ছিল ২.৫৭। তবে অষ্টম কমিশনকে ঘিরে কর্মী সংগঠনগুলির তরফে ২.৯২, ৩.৬১ এবং ৩.৮৩-এর মতো বিভিন্ন ফ্যাক্টরের দাবি সামনে এসেছে। ২.৯২ ফ্যাক্টর কার্যকর হলে ৪৪,৯০০ টাকা বেসিকের অঙ্ক বেড়ে আনুমানিক ১,৩১,২০০ টাকা হতে পারে। যদিও এই হারগুলির কোনওটিই এখনও সরকারিভাবে অনুমোদিত নয়।

বেতন সংশোধন যদি ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়, তাহলে কর্মীরা আগের মাসগুলির বর্ধিত বেতনের টাকা বকেয়া হিসেবে পেতে পারেন। উদাহরণ হিসেবে, ৪৪,৯০০ টাকা বেসিক বেতন এবং ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ধরে একটি হিসাব করা হয়েছে। সেই হিসাব অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসের সম্ভাব্য বকেয়া ২ লক্ষ ৬১ হাজার ৩৬০ টাকা। অন্যদিকে, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসের বকেয়া হতে পারে ২ লক্ষ ৫৩ হাজার ২৭৮ টাকা। সব মিলিয়ে ১২ মাসের জন্য মোট বকেয়ার অঙ্ক দাঁড়াতে পারে প্রায় ৫ লক্ষ ১৪ হাজার ৬৩৮ টাকা। তবে এই অঙ্ক সম্পূর্ণ সম্ভাব্য হিসাব, চূড়ান্ত নয়।

আরও পড়ুন: ছিল ধর্ষণ থেকে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম

তবে এই হিসাবের মধ্যে বাড়িভাড়া ভাতা, যাতায়াত ভাতা এবং আয়কর, এনপিএস-সহ বিভিন্ন খাতে সম্ভাব্য কাটছাঁট ধরা হয়নি। কর্মীর বার্ষিক ইনক্রিমেন্ট, পদোন্নতি বা অন্যান্য পরিবর্তন হলেও বকেয়ার অঙ্ক বদলাতে পারে। কমিশনের সুপারিশ জমা পড়লেই যে সঙ্গে সঙ্গে নতুন বেতন হাতে আসবে, তা নয়। প্রথমে কেন্দ্রীয় সরকার সুপারিশগুলি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তারপরই নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সময় এবং বকেয়া মেটানোর নিয়ম স্পষ্ট হবে।

google button