সৌভিক মুখার্জী, কলকাতা: ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা (Bhai Phota)।। এই প্রবাদ বাক্যের মধ্যেই লুকিয়ে রয়েছে ভাই এবং বোনের মধ্যে অফুরন্ত ভালোবাসা এবং মেলবন্ধন। বুধবার ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া। দেশজুড়ে হইহুল্লোড় করে পালিত হবে এই দিনটি। বোন বা দিদিরা তাঁদের ভাই বা দাদাদের কপালে এদিন ফোঁটা দিয়ে তাঁদের মঙ্গল কামনা করেন। তবে এই বিশেষ দিনটিতে এমন কিছু নিয়ম রয়েছে যেগুলি মানলে ভাই এবং বোন দু’জনেরই মঙ্গল হয়। ফোঁটা দেওয়ার সঠিক নিয়মের উপর নির্ভর করে অনেক কিছু। রইল বিস্তারিত।
ভাইফোঁটার আসল নিয়ম
আসলে ভাইফোঁটার দিন কোথাও কোথাও চন্দনের ফোঁটা, কোথাও বা দই-কাজল, আবার কোথাও মধুর ফোঁটা দেওয়ার প্রথা প্রচলিত রয়েছে। পাশাপাশি থালায় বিশেষ কিছু পুজোর উপকরণ রাখতে হয় এদিন। বিশেষ করে অনেক বাড়িতে থালার পাশে আলাদা করে চন্দন বা দইয়ের বাটি রাখা হয়। আবার কোথাও কোথাও চন্দন, কেশর ও গঙ্গাজল মিশিয়ে ফোঁটা দেওয়ার প্রথা প্রচলিত রয়েছে। সেক্ষেত্রে নিজের বাড়ির নিয়ম অনুযায়ী বাটিতে চন্দন বা অন্য কিছু রাখা উচিত।
তবে ভাইফোঁটার এই বিশেষ দিনটিতে থালা সাজানোর জন্য বেশ কিছু দ্রব্য সঙ্গে রাখতে হয়। যেমন—চন্দন বাটা, দই, গঙ্গাজল, কেশর, ধান, দুর্বাঘাস, শিশিরের জল, প্রদীপ, ধূপকাঠি আর মিষ্টি। যদিও একেক বাড়িতে একেক রকম রীতি রয়েছে ফোঁটার ক্ষেত্রে। সাধারণত চন্দনের ফোঁটা দেওয়া হয়। তাছাড়া অনেকেই দইয়ের ফোঁটা বা কাজল ব্যবহার করে থাকেন। আবার অনেক পরিবারে চন্দনের সঙ্গে কেশর ও গঙ্গাজল মিশিয়ে ফোঁটা দেওয়ার প্রথা প্রচলিত রয়েছে।
ভাইফোঁটার সময় মেনে চলুন এই নিয়মগুলি
ভাইফোঁটার দিনটিতে শুধুমাত্র ফোঁটা দিলেই হয় না। প্রচলিত রীতি মেনে বেশ কিছু নিয়ম মানা এদিন বাঞ্ছনীয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল—
- সকাল সকাল স্নান সেরে পরিষ্কার বা নতুন পোশাক পরেই এদিন ফোঁটা দিতে বসা উচিত।
- ভাইকে জলচৌকি বা পরিষ্কার আসনে বসাতে হয়। মাটিতে বসে ফোঁটা দেওয়ার রীতি হিন্দুধর্মের মধ্যে প্রচলিত নেই।
- এদিন ভাই এবং বোন দু’জনকেই বসে ফোঁটা দেওয়া উচিত। দাঁড়িয়ে ফোঁটা দেওয়া এড়িয়ে চলা উচিত।
- এছাড়া ভাইকে উত্তর বা উত্তর-পশ্চিম দিকে মুখ করে এবং বোনকে পূর্ব বা উত্তর-পূর্ব দিকে মুখ করে বসাতে হয়।
- তার পাশাপাশি বোন বাঁ হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে থাকেন।
আরও পড়ুন: ভাতৃদ্বিতীয়ায় ভাই-বোনকে এভাবে করুন উইশ, রইল ভাইফোঁটার শুভেচ্ছাবার্তা
এদিকে ভাইফোঁটার সময় বিশেষ একটি মন্ত্র উচ্চারণ করা হিন্দুধর্মের মধ্যে বাঞ্ছনীয়। সেটি হল—
- ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
- যমের দুয়ারে পড়ল কাঁটা।
- যমুনা দেয় যমকে ফোঁটা,
- আমি দিই আমার ভাইকে ফোঁটা।।
- যম যেমন অমর,
- আমার ভাই যেন তেমন অমর হয়েই থাকে।।










