অনন্যা সরকার, পাঞ্জাব: পরিবারে যুক্ত হয়েছে ছোট্ট সদস্য। সবাই বলছেন এ যেন স্বয়ং মা লক্ষ্মীর আগমন। পাঞ্জাবের এক গ্রামীণ পরিবারে দীপাবলি এমন এক আনন্দ নিয়ে এসেছে, যা কেউ কল্পনাও করতে পারেনি। মাত্র ২০০ টাকার একটি মাসিক লটারির (Lottery) টিকিট বদলে দিয়েছে পরিবারটির ভাগ্য। মুহূর্তেই পরিবারটি ১.৫ কোটি টাকার মালিক হয়ে গেছে। আর ঠিক সেদিনই একটি ছোট্ট শিশুকন্যার জন্ম হয়েছে। কন্যাসন্তান লাভের আনন্দ ও ১.৫ কোটি টাকা জেতার খবর পরিবারটির জন্য এ বছরের দীপাবলিকে চিরস্মরণীয় করে তুলেছে।
একই দিনে কন্যা সন্তান ও লটারি প্রাপ্তি
ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের মানসা জেলার বুধলাদার সাইদেওয়ালা গ্রামে। এখানে বসবাসকারী একটি পরিবার ২০০ টাকার মাসিক লটারির টিকিট কেটে ১.৫ কোটি টাকার প্রথম পুরস্কার জিতেছে। বুধলাদার ভিখি রোডে অবস্থিত ‘ধন্না লটারি’ স্টলের মালিক ধন্না সিং এই তথ্যটি জানিয়েছেন। তিনি বলেন, শনিবার এক ব্যক্তি তার কাউন্টারে এসে হরমন কৌর নামে এক মহিলার নামে একটি লটারির টিকিট কেনেন। লাকি ড্রয়ের পরে দেখা যায় এই টিকিটটিই ১.৫ কোটি টাকার প্রথম পুরস্কার জিতেছে। লটারির ফলাফল ঘোষণার সাথে সাথেই স্টল মালিক ও ওই পরিবারের সদস্যরা আনন্দে মেতে ওঠেন।
তবে এই ঘটনাটিকে আরও বিশেষ করে তুলেছে আরেকটি খুশির খবর। লটারি বিজয়ী পরিবারে শনিবারই একটি কন্যাসন্তানের জন্ম হয়েছে। তবে, নবজাতকের স্বাস্থ্য ভালো না থাকায় তাকে ডাক্তারি পরীক্ষার জন্য অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। লটারির স্টলের মালিক ধন্না সিং জানিয়েছেন যে, ফিরে আসার পর পরিবারটিকে তাঁর লটারি স্টলে আমন্ত্রণ জানানো হবে ও পুরস্কারে সম্মানিত করা হবে।
আরও পড়ুন: প্রথম প্রচেষ্টাতেই NEET-এ সফল, অভাব অনটনকে হারিয়ে ডাক্তার হবেন মুর্শিদাবাদের সুফিয়ান
বর্তমানে, পরিবারটি কন্যাসন্তান লাভ ও ১.৫ কোটি টাকার লটারি জেতার দ্বিগুণ আনন্দ উপভোগ করছে। দীপাবলির শুভলগ্নে মাত্র ২০০ টাকার একটি টিকিট থেকে পাওয়া এই বিপুল পরিমাণ অর্থ গরীব পরিবারটির আনন্দকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে।










