২-৩ ডিগ্রি নামবে পারদ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির ভ্রূকুটি, আজকের আবহাওয়া

Published:

সহেলি মিত্র, কলকাতা: অবশেষে সুখের দিন চলে এলো বলে মনে হচ্ছে! হু হু করে নামছে তাপমাত্রা। সকাল-দুপুরে আকাশ মেঘলা থাকলেও ঠান্ডাটা বেশ অনুভব করতে পারছেন বঙ্গবাসী। আজও যেমন সকাল থেকেই বাংলার আকাশ কালো মেঘের আড়ালে লুকিয়ে রয়েছে তবে ঠান্ডাটাও বেশ রয়েছে। মঙ্গলবার একদিকে যেমন কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা (Weather Today) রয়েছে, তেমনই আবার আগামী কয়েকদিনের মধ্যে বাংলার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি অবধি নামতে পারে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সর্তকতা। এদিন কলকাতা শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি এবং ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে।

জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থানরত ঊর্ধ্ব বায়ুমন্ডলীয় ঘূর্ণাবর্তটি বজায় রয়েছে। বর্তমানে এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। আগামী কয়েকদিনের মধ্যে এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি অবধি পারদ নামতে পারে বলে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন: এইদিনের পরেই বন্ধ অন্নপূর্ণা যোজনা, আর মিলবে না ৩০০০ করে

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। উল্লেখিত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আগামীকালের আবহাওয়া

কেমন থাকবে বুধবারের আবহাওয়া? এদিন আবার কলকাতা ও হাওড়া বাদে দক্ষিণবঙ্গের কোনও জেলায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কথা বললে, বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকারই সম্ভাবনা রয়েছে।

google button