প্রীতি পোদ্দার, কলকাতা: ছুটির দিনে বাড়িতে আমরা সবাই প্রায় কম বেশি পোলাও, মাটন কষা, বিরিয়ানি খেয়ে থাকি। কিন্তু একঘেয়েমি রান্না প্রতিবার খেতে কারোরই ভালো লাগেনা। সেক্ষেত্রে মাথায় আসে কিছু নিত্য নতুন রান্না (Recipe) করার। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে এক দুর্দান্ত রেসিপি, আর সেটি হলো আলো মামার তেহারি (Alo Mamar Tehari)।
উপকরণ
আলো মামার তেহারি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হল- মাটন, দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, নুন, কাঁচা লঙ্কা, সাদা তেল, সর্ষের তেল।
রান্নার পদ্ধতি
- প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে এলাচ দারচিনি তেজপাতা ফোড়ন দিয়ে নিতে হবে। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে পেঁয়াজ কুচি ছড়িয়ে দিতে হবে। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আদা বাটা দিয়ে দিতে হবে।
- আদা বাটাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ওর মধ্যে সামান্য রসুন বাটা দিয়ে দিতে হবে। ৫-৬ মিনিট পর এবার ধুয়ে রাখা মাটনটা দিয়ে দিতে হবে। সামান্য নুন দিয়ে দিতে হবে। এবার এটাকে কষাতে দিতে হবে।
- কষানোর সময় মাঝেমাঝে সামান্য গরম জল দিয়ে দিতে হবে। অন্তত ঘণ্টা দেড়েক সময় লাগবে মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করার জন্য। অন্যদিকে পোলাও এর জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিতে হবে।
আরও পড়ুন: নিরামিষ দিনে জমিয়ে খান মোচার চণকান্ন, কীভাবে বানাবেন? রইল পদ্ধতি
- তেল গরম হয়ে এলে এবার ওর মধ্যে দুই বাটি জল দিয়ে দিতে হবে। জল ফুটতে থাকার সময় এবার চার চা চামচ নুন দিয়ে দিতে হবে। জল ফুটে এলে এক বাটি ধুয়ে রাখা চিনিগুড়া চাল দিয়ে দিতে হবে।
- চালটা অর্ধেক ফুটে এলে কাঁচালঙ্কা মাঝখান থেকে অর্ধেক ভেঙে অন্তত ১২ টা মতন দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কার পাশাপাশি কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। এবার সবজির সঙ্গে চালটা ভালো করে নাড়াচাড়া দিয়ে অন্তত কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে মাঝারি আঁচে।
- কুড়ি মিনিট পরে দেখবেন পোলাওটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে অর্ধেক পোলাও উঠিয়ে মাটনটাকে এবার ওর মাঝখানে দিয়ে দিতে হবে। এরপর উপর থেকে তুলে রাখা পোলাওটা আবার মাটনের ওপর দিয়ে দিতে হবে। ব্যস তাহলেই তৈরি আলো মামার তেহারি।









