প্রীতি পোদ্দার, কলকাতা: নিরামিষ রান্নার দিনে কী কী রান্না হবে এই নিয়ে চিন্তার শেষ থাকে না মা ঠাকুমাদের। কারণ অনেকেই নিরামিষ খেতে (Traditional Bengali Recipe) চায় না। তবে রান্না যদি সেই রকম ভাবে করা যায় তাহলে সকলে বিরিয়ানি, মাংস ভুলে এই খাবার খেয়ে হাত চাটবে। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে মোচার এক হারিয়ে যাওয়া দুর্দান্ত রেসিপি নিয়ে, আর সেটি হল মোচার চণকান্ন (Mochar Chonokanno)। চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
উপকরণ
মোচার চণকান্ন বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হল- মোচা, গোবিন্দভোগ চাল ১০০ গ্রাম, গোটা জিরে, হলুদ গুঁড়ো, নুন, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, মৌরি, জিরেগুঁড়ো, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা কুচি, আদা বাটা, কিসমিস, ঘি, সর্ষের তেল।
রান্নার পদ্ধতি
- প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে নিতে হবে। খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর হালকা জিরা গুলো ভেজে এলে ওর মধ্যে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিতে হবে।
- চালগুলো তেল এবং জিরের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে অন্তত চার থেকে পাঁচ মিনিট হালকা ভেজে নিতে হবে। তারপর আলাদা পাত্রে তুলে রাখতে হবে। কোনদিকে আরো একটি কড়াইয়ে জল গরম করে তার মধ্যে বেছে রাখা মোচা গুলো অন্তত ২০ থেকে ২৫ মিনিট সেদ্ধ করতে দিতে হবে।
- মোচা ভাপিয়ে নেওয়ার পর জলের থেকে মোচাগুলোকে ছেঁকে আলাদা করে নিতে হবে। এবার সেই মোচা গুলো ঠান্ডা হলে তাতে এক এক করে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, গরম মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা এবং চিনি দিয়ে পুরো মিশ্রণটি ভালো করে মেখে নিতে হবে।
আরও পড়ুন: আর অপেক্ষা নয়, এবার বাড়িতেই বানান ছট পূজা স্পেশাল ঠেকুয়া, রইল পদ্ধতি
- এবার কড়াইতে সর্ষের তেল গরম করে ওর মধ্যে বড় চামচের এক চামচ ঘি ঢেলে দিতে হবে। ঘি গোলে গেলে তার মধ্যে দুটো তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিতে হবে। আর তাতে এবার এক টেবিল চামচ জিরে এবং মৌরি। সম্পূর্ণটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার তাতে আদা কুচি দিয়ে অন্তত ৩ মিনিট ভেজে নিতে হবে।
- সবটা যদি হালকা ভাজা হয়ে আসে এবার তাতে সামান্য জল দিয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কিসমিস দিয়ে মশলা কষিয়ে নিতে হবে। তেল বেরিয়ে এলে মোচা সেদ্ধগুলো দিয়ে দিতে হবে। ২-৩ মিনিট ভালো করে মাখিয়ে নিতে হবে।
- এবার মোচার মধ্যে ভেবে রাখা গোবিন্দভোগের চাল দিয়ে দিতে হবে। চাল সেদ্ধ হয়ে এলে মশলার সুগন্ধ বেরিয়ে আসলেই উপর থেকে কাঁচালঙ্কা, গরম মশলাগুঁড়ো এবং ঘি ছড়িয়ে দিতে হবে। ব্যস তাহলেই তৈরি গরম গরম মোচার চণকান্ন।










