আর অপেক্ষা নয়, এবার বাড়িতেই বানান ছট পূজা স্পেশাল ঠেকুয়া, রইল পদ্ধতি

Published:

Thekua

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতি বছর কার্তিক মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে পূজিত হন সূর্য দেবতা যা, অবাঙালিদের কাছে ছটপুজো (Chhath) নামে পরিচিত। আর এই পুজোয় প্রসাদ হিসেবে সূর্য দেবতাকে অর্পণ করা হয় ঠেকুয়া (Thekua)। এটিকে খাজুরিয়া বা ঠিকারিও বলা হয়ে থাকে। যার স্বাদ এতটাই দুর্দান্ত হয় যে একসঙ্গে ৬/৭ টা খেয়ে নিতে পারবেন। কিন্তু জানেন কি কীভাবে ঠেকুয়া বানাবেন? চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।

উপকরণ

ঠেকুয়া বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হল- ৭০০ গ্রাম আটা, ২৫০ গ্রাম ঘি, ১ কাপ সুজি, নারকেল কোরা, ১ কাপ চিনি গুঁড়ো, দেড় কাপ মোটা দানার চিনি, নুন, মৌরি, এলাচ গুঁড়ো, খেজুর, কিসমিস, আমন্ড, সাদা তেল।

রান্নার পদ্ধতি

ঠেকুয়া খেতে কমবেশি সকলেই বেশ ভালোবাসে। মিষ্টি নোনতা কড়কড়ে স্বাদের এই ঠেকুয়া খাওয়ার জন্য তাই অবাঙালি বন্ধুর অপেক্ষায় বসে থাকে বাঙালিরা। তাই প্রতিবারের মতো এই বছর কারোর জন্য অপেক্ষা না করে বাড়িতেই মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বানিয়ে ফেলুন ঠেকুয়া। রইল পদ্ধতি-

  • প্রথমে একটি বাটিতে ৭০০ গ্রাম আটা, ১ কাপ সুজি, নারকেল কোরা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে ১ কাপ চিনি গুঁড়ো, দেড় কাপ মোটা দানার চিনি, সামান্য নুন, মৌরি এবং এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

আরও পড়ুন: কালীপুজোয় মাকে নিবেদন করুন নিরামিষ ভোগের মাংস, রইল সুস্বাদ রেসিপি

  • মিশ্রণের স্বাদ আরও ভালো করার জন্য এর মধ্যে কুচি কুচি করে কেটে রাখা খেজুর, কিসমিস, আমন্ড দিয়ে মেখে নিতে পারেন। এবার এর মধ্যে ২৫০ গ্রাম ঘি দিয়ে ভালো করে ময়ান দিয়ে মেখে নিতে হবে।
  • ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর সামান্য জল দিয়ে ধীরে ধীরে ডো বানিয়ে নিতে হবে। এরপর এটিকে ১০ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর ময়দার লেচির আকারে নিয়ে ভালো করে গোল করে নিতে হবে এবং ছাঁচের মধ্যে ফেলে সেটার সুন্দর নকশা করে নিতে হবে।
  • কড়াইতে এবার সাদা তেল গরম করে নিয়ে কাঁচা ঠেকুয়াগুলো এপিঠ ওপিঠ ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত খয়েরি রঙ আসবে ততক্ষণ ভেজে যেতে হবে। ব্যস তাহলেই তৈরি গরম গরম বিহারি স্টাইলের ঠেকুয়া।
google button