বিশ্বের সেরা ১০০ এথিক্যাল হ্যাকারের তালিকায় জায়গা করে নিলেন রায়গঞ্জের সুপ্রিয়

Published:

Raiganj Ethical Hacker Supriyo Guha CEH Hall of Fame 2025

অনন্যা সরকার, উত্তর দিনাজপুর: বর্তমান যুগে প্রযুক্তির উন্নতির সাথে সাথেই প্রদীপের তলার অন্ধকারের মতো ব্যাংকিং প্রতারণা, ডিজিটাল জালিয়াতি, তথ্য চুরি এবং সাইবার অপরাধের ঘটনা বেড়েই চলেছে। তাই সাইবার নিরাপত্তার (Cyber Security) গুরুত্বও দিন দিন বাড়ছে। সম্প্রতি সাইবার নিরাপত্তার ক্ষেত্রে রায়গঞ্জের বাসিন্দা সার্টিফাইড এথিক্যাল হ্যাকার (Certified Ethical Hacker) সুপ্রিয় গুহ (Supriyo Guha) আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ‘ইসি-কাউন্সিল’ (EC-Council) কর্তৃক প্রকাশ করা ‘সিইএইচ হল অফ ফেম ২০২৫’ (CEH Hall of Fame 2025)-এ বিশ্বের শীর্ষ ১০০ জন ‘এথিক্যাল হ্যাকার’-এর তালিকায় স্থান করে নিয়েছেন সুপ্রিয়। 

আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেলেন বাংলার ছেলে

প্রতি বছর ইসি-কাউন্সিল বিশ্বজুড়ে ‘সার্টিফাইড এথিক্যাল হ্যাকার’ (CEH)-দের দক্ষতা মূল্যায়ন করে। সাইবার আক্রমণ প্রতিরোধে তাদের অবদান এবং দুর্বলতাগুলো শনাক্ত করার সক্ষমতার ওপর ভিত্তি করে এই মূল্যায়ন করা হয়। কঠোর এই যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ১০০ জন বিশেষজ্ঞকে ‘সিইএইচ হল অফ ফেম’-এ অন্তর্ভুক্ত করা হয়। ২০২৫ সালের এই তালিকায় সুপ্রিয় গুহর নাম থাকাটা সাইবার নিরাপত্তা এবং পেশাদারিত্বের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদানেরই প্রমাণ।

রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এবং শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবনের প্রাক্তন ছাত্র ছিলেন সুপ্রিয় বর্তমানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত। মার্কিন যুক্তরাষ্ট্রে ‘ইসি-কাউন্সিল’ আয়োজিত সার্টিফাইড এথিক্যাল হ্যাকার পরীক্ষায় ৯৮% নম্বর পেয়ে এবং ছ’ঘন্টার কঠিন প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ‘হ্যাকার মাস্টার’ উপাধি পেয়েছেন। এর স্বীকৃতিস্বরূপ তিনি স্থান করে নিয়েছেন সিইএইচ হল অফ ফেম ২০২৫-এর তালিকায়। 

আরও পড়ুন: ১৪ বছর পর সসম্মানে প্রত্যাবর্তন, স্বাস্থ্য উপদেষ্টা হয়ে ফিরছেন নবজাতক বিশেষজ্ঞ ডঃ অরুণ

প্রয়োজনীয় আনুষ্ঠানিক সুযোগ-সুবিধার অভাব সত্ত্বেও, রায়গঞ্জের বাসিন্দা সুপ্রিয় গুহ কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং প্রযুক্তির প্রতি গভীর কৌতূহলের দ্বারা ‘এথিক্যাল হ্যাকিং’ বা ‘হোয়াইট-হ্যাট হ্যাকিং’-এর ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছেন। তিনি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও নেটওয়ার্কের ভিতরকার দুর্বলতাগুলো খুঁজে বের করে তা সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা সাইবার অপরাধীদের হাত থেকে সংবেদনশীল তথ্যগুলি সুরক্ষা করতে সহায়তা করে।

বর্তমানে সময়ে প্রায় সারা বছর ধরেই দেশের বিভিন্ন প্রান্তে সাইবার জালিয়াতি চক্রগুলো অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। কোথাও ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, তো কোথাও প্রাতিষ্ঠানিক ইমেইল আইডি হ্যাক হওয়া বা সংবেদনশীল তথ্য চুরির মতো ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এরকম পরিস্থিতিতে, সুপ্রিয়র মতো দক্ষ সাইবার সিকিউরিটি এক্সপার্টরা ডিজিটাল পরিকাঠামোর সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

রায়গঞ্জের বাসিন্দা সুপ্রিয়র এই সাফল্যে উচ্ছ্বসিত উত্তর দিনাজপুর জেলা তথা রাজ্যের প্রযুক্তি মহল। সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা মনে করেন, এই স্বীকৃতি ছোট শহর থেকে উঠে আসা প্রযুক্তিমনস্ক তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের জন্য একটি বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। সুপ্রিয় গুহর এই সাফল্য প্রমাণ করে যে,, প্রবল ইচ্ছাশক্তি, নিষ্ঠা এবং প্রতিভা থাকলে ভৌগোলিক সীমাবদ্ধতা কখনো সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।

google button