অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি নিয়ে একসাথে জোড়া সুখবর

Published:

Suvendu Adhikari

সৌভিক মুখার্জী, কলকাতা: একইসঙ্গে জোড়া সুখবর। রবিবার দীপাবলি। তার আগেই রাজ্যের মহিলাদের অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অন্যান্য মাসে যেখানে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া হচ্ছিল, সেখানে এ মাসে দীপাবলির আগেই সুবিধা দেবে রাজ্য সরকার। অন্যদিকে যুবশক্তি প্রকল্প নিয়েও মুখ্যমন্ত্রী করেছেন বড়সড় ঘোষণা। জানুয়ারি থেকেই চালু হচ্ছে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বহু প্রতীক্ষিত ভরসা স্কিম।

অন্নপূর্ণা যোজনা এবং যুবশক্তি নিয়ে বিরাট সুখবর

বিজেপি সরকার ক্ষমতায় আসার আগেই প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠন করার পর মহিলাদের জন্য চালু করা হবে অন্নপূর্ণা যোজনা, যেখানে প্রতি মাসে ৩০০০ টাকা করে অর্থ সহায়তা মিলবে। অন্যদিকে বেকার যুবক-যুবতীদের জন্য চালু করা হবে যুবশক্তি ভরসা কার্ড, যেখানে প্রতি মাসে মিলবে ৩০০০ করে সুবিধা। তবে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেটে জানিয়েছিলেন, গ্র্যাজুয়েট যুবকরা পাবেন ৩০০০ টাকা এবং নন গ্র্যাজুয়েটরা পাবেন ২০০০ টাকা করে। অক্টোবর থেকেই এই স্কিম চালু হওয়ার কথা ছিল। তবে তা জানুয়ারি থেকে চালু হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী।

অন্নপূর্ণা যোজনার পঞ্চম কিস্তির টাকা ইতিমধ্যেই মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। জুন মাসে চালু হয়েছিল এই প্রকল্প। তবে দীপাবলির আগে অর্থাৎ নভেম্বর মাসের ৭ তারিখের আগেই অন্নপূর্ণার ৩০০০ করে ঢুকবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, দীপাবলীর আগে ৭ তারিখের আগেই ৮৪ লক্ষ বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা বাবদ ৩ লক্ষ ২০ হাজার, লোকপ্রসার শিল্পী ভাতা, ১ কোটি ৬৫ লক্ষ অন্নপূর্ণা যোজনা—সবার টাকা, ভাতা আমরা ট্রান্সফার করার সিদ্ধান্ত নিয়েছি।” অর্থাৎ অন্নপূর্ণা যোজনার পাশাপাশি বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতাও ঢুকবে দীপাবলীর আগে।

আরও পড়ুন: মার্চের মধ্যেই গোবরডাঙায় ১০০ বেডের হাসপাতাল, মসলন্দপুর থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিকে যেখানে অক্টোবর মাস থেকে যুবশক্তি চালু হওয়ার কথা ছিল, তা জানুয়ারি মাস থেকেই দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার হুগলিতে এক জনসভায় দাঁড়িয়ে তিনি বলেন, “আমার যুবক ভাইরা, গ্র্যাজুয়েট এবং নন গ্র্যাজুয়েট, আপনাদের স্কিমের নাম দিচ্ছি আমরা ভরসা। আগামী ২৩ তারিখ ক্যাবিনেটে এই ভরসা স্কিমের ব্যাপারে আমরা অনুমোদন দেব, এবং আপনারা জানুয়ারি মাস থেকে গ্র্যাজুয়েট এবং নন গ্র্যাজুয়েটরা ভরসা স্কিমে আমার যারা বেকার যুবক-যুবতীরা আছেন, অন্য কোনও স্কিমের সুযোগ পাচ্ছেন না, তাদের পাশে ওই সরকার দাঁড়াবে। তারা যতক্ষণ না পর্যন্ত চাকরি পায়, তাদের পাশে এই সরকার থাকবে।”

google button