সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৯ নভেম্বর, সোমবার। বাংলায় ফের এনকাউন্টার, ভাতারে নাবালিকা ধর্ষণ, ডাক্তারের ঝুলন্ত দেহ উদ্ধার…..অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ভাতারে ৮ বছরের নাবালিকাকে ধর্ষণ
নৃশংস ঘটনা পূর্ব বর্ধমানের ভাতারে। এক কালীমন্দির থেকে প্রথম শ্রেণিতে পড়া মাত্র আট বছরের শিশুকন্যাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলেই খবর। জানা গিয়েছে, স্থানীয় ওই কালীমন্দিরের সামনে কয়েকজন বাচ্চা ছেলেমেয়েদের সঙ্গে খেলা করছিল ৮ বছরের নাবালিকা। সেখান থেকে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন প্রতিবেশী রানা মণ্ডল নামে বছর ২৬-র যুবক। ইতিমধ্যেই তাঁকে আটক করা হয়েছে। দূর সম্পর্কের এক দাদুর নজরে পড়া মাত্রই ঘটনার খবর প্রকাশ্যে আসে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৯) ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হল রোবোটিক ডগ
এবার সীমান্তে নজরদারি বাড়াতে বড় পদক্ষেপ নিল ভারত সরকার। সেনাবাহিনীর প্রযুক্তিতে যুক্ত করা হল রোবোটিক ডগ। দুর্গম পাহাড়ি অঞ্চলে টহল দেওয়া থেকে শুরু করে শত্রুপক্ষের উপর নজরদারি বাড়াতে এই সিদ্ধান্ত ভারতীয় সেনার। এর মাধ্যমে যে কোনও নড়াচড়া, লাইভ ভিডিও এবং রিয়েল টাইম তথ্য সরাসরি সেনা জওয়ানদের কাছে পৌঁছে যাবে। প্রতিকূল আবহাওয়া বা দুর্গম পাহাড়ি পথে যেখানে সৈন্যদের পক্ষে অবিরাম নজরদারি চালানো অসম্ভব, সেখানেই কাজ করবে এগুলি। আপাতত জম্মু-কাশ্মীরের আখনূর সীমান্তে এটি মোতায়েন করা হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৮) পালিয়ে গেল বক্সার বাঘিনী
দেওয়ালের নিচের মাটি খুঁড়ে সুরঙ্গ তৈরি করে অসমের পথে পালিয়ে গেল বক্সার রয়েল বেঙ্গল টাইগার। এখনও সেই বাঘিনীর কোনও খোঁজ মেলেনি বলেই খবর। গত ৩ ডিসেম্বর অসমের কোকরাঝাড় জেলার ডটমা এলাকার গিলাগুড়িতে পশ্চিমবঙ্গ এবং অসমের বন দফতরের যৌথ অভিযানে তিনটি কুনকি হাতির সাহায্যে বাঘিনীকে ঘিরে ফেলা হয়েছিল। তবে গতকাল রবিবার দুপুরে ফের সেই এনক্লোজার থেকে পালিয়ে গিয়েছে ডুয়ার্সের রানি। ইতিমধ্যেই বাঘিনীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। পাশাপাশি জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৭) ৩০ লক্ষের প্যান্ডেল পুড়লেও ১২ ঘণ্টায় নতুন মণ্ডপ পাঁশকুড়ায়
উৎসবের আনন্দ মুহূর্তের মধ্যেই নিভে যায় পাঁশকুড়ার যশোড়া কালিবাজারের মণ্ডপে। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় পূজা মণ্ডপ। তবে তাতেও দমেননি পুজোর উদ্যোক্তারা। মাত্র ১২ ঘণ্টার মধ্যেই পুনরায় নতুন করে মণ্ডপ তৈরির কাজ সেরে মায়ের আরাধনায় মেতে উঠলেন স্থানীয়রা। জানা গিয়েছে, ৩০ লক্ষ টাকার বাজেটে গড়ে উঠেছিল তাদের সেই পুজো মণ্ডপ। এমনকি মণ্ডপে কালী প্রতিমাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। তবে শর্ট সার্কিট থেকেই দাউ দাউ করে মণ্ডপে আগুন ধরে যায়। চোখের সামনেই সেই গোটা প্যান্ডেল পুরো ছাই হয়ে গিয়েছিল। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৬) কালীপুজোর রাতে পুর আধিকারিকের বাড়িতে চলল গুলি
কালীপুজোর রাতে রিষড়া পৌরসভার নোডাল অফিসার অসিতাভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে দুষ্কৃতী হামলা। এমনকি ভাঙচুরের পাশাপাশি তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলেই খবর। জানা গিয়েছে, রিষড়া পৌরসভার অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ডের নবীন পল্লীর বাসিন্দা তথা নোডাল আধিকারিক অসিতাভ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গতকাল রাত আড়াইটা নাগাদ কয়েকজন দুষ্কৃতী নেশাগ্রস্ত অবস্থায় জড়ো হয়ে দেওয়ালে বাঁশ দিয়ে মারার পাশাপাশি দরজায় লাথি মারে। এমনকি চিৎকার করে গালিগালাজ দিতে দেখা যায় তাদের। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৫) মমতার বিরুদ্ধে বিস্ফোরক অনুব্রত
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার বিস্ফোরক মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল। তাঁর দাবি, বিজেপি নয়, বরং তাঁকে জেল খাটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। একসময় বীরভূমের দাপুটে নেতা ছিলেন তিনি। তবে গরু পাচার মামলায় এবং নিয়োগ মামলায় নাম জড়িয়ে পড়েছিল তাঁর। দীর্ঘদিন ধরেই জেলবন্দি ছিলেন তিনি। এমনকি দলের সাংগঠনিক দায়িত্ব থেকে সরে যাওয়ার পর তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে ওঠে প্রশ্ন। তবে এক সাক্ষাৎকারে তিনি জানান, “একশোবার, আমাকে তিহার জেলে ঢুকিয়েছে কে, আমাকে বিজেপি ঢোকায়নি। আমাকে আমার দলের লোক ঢুকিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারতেন শুধু সাংগঠনিক পদ সামলানোর জন্য শুধু শুধু কেন জেল খাটালেন আমাকে দিয়ে?” বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৪) এনআরএস হাসপাতালে চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার
নাগেরবাজারের এক হোস্টেল থেকে উদ্ধার হল নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের এক তরুণ চিকিৎসকের ঝুলন্ত দেহ। মৃত ওই যুবকের নাম অভিজিৎ সরকার। মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মৃত্যুর ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। গতকাল অর্থাৎ রবিবার বিকাল চারটা নাগাদ নাগেরবাজার হোস্টেল থেকে ওই চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁকে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৩) সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়ের স্ত্রী
জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। তবে এবার পুলিশের জেরায় স্বামীর উপর অত্যাচার হচ্ছে এমন অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হলেন সুমিতের স্ত্রী সুস্মিতা রায়। তাঁর দাবি, সুমিত রায়কে ফাঁসানোর জন্য ডায়মন্ড হারবারের পার্টি অফিস থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনাটি শুধুমাত্র সাজানো হয়েছে। এমনকি সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন সুস্মিতা। যদিও এর আগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায়। তবে আদালত তাঁর আবেদনে সাড়া দেয়নি। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
২) কালীপুজোয় দুর্গাপুরে ভয়ংকর অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে ভয়ংকর অগ্নিকাণ্ডের ঘটনা দুর্গাপুরে। বাজির আগুনে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে গেল বেনাচিতি গুরুদুয়ারা সংলগ্ন এলাকার একটি ডেকোরেটর্সের গোডাউন। জানা গিয়েছে, বাজির ফুলকির আগুন মুহূর্তের মধ্যে গোডাউনের একাধিক অংশে ছড়িয়ে পড়ে। এমনকি নিমেষের মধ্যে গোডাউনের ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র এবং ডেকোরেশনের সামগ্রী পুড়ে যায়। তবে গোডাউনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের বেশ বেগ পোহাতে হয়। শেষ পর্যন্ত গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
১) বাংলায় ফের এনকাউন্টার
বাংলায় ফের এনকাউন্টার। এই নিয়ে চতুর্থবার। রায়গঞ্জে আব্দুলঘাটায় ১২ বছর বয়সী এক কিশোরীকে নৃশংসভাবে ধর্ষণ এবং হত্যার ঘটনা সামনে আসতেই অভিযুক্তকে এনকাউন্টার করার দাবি উঠেছিল। অবশেষে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল মূল অভিযুক্তের। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গ ও বিহার সীমান্তের কাছাকাছি এলাকায়। পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালানোর সময় অভিযুক্ত ব্যক্তি গুলি চালায়। তবে আত্মরক্ষার্থে পুলিশ পালটা গুলি চালালে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন









