প্রীতি পোদ্দার, কলকাতা: উৎসবের আনন্দের মাঝেই ভয়ংকর বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল পাঁশকুড়ার (Panskura) যশোড়া কালীবাজারের মণ্ডপ। এমন দৃশ্য দেখে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছিল সকলে। কিন্তু তাতেও (Panskura Fire Incident) দমে যাননি পুজোর উদ্যোক্তারা। মা কালীর আরাধনা বন্ধ হতে দেবেন না, এই সংকল্প নিয়েই মাত্র ১২ ঘণ্টায় পুনরায় নতুন করে মণ্ডপ তৈরির কাজ সেরে মায়ের আরাধনায় মাতলেন স্থানীয়রা। গোটা এলাকায় পাহারায় ছিল পুলিশ প্রশাসন।
পুজোর আগেই আগুন ধরে গিয়েছিল মণ্ডপে
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার যশোড়া কালীবাজার সমিতি ও গ্রামবাসীদের যৌথ উদ্যোগে এই কালীপুজো এলাকার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম ছিল। প্রায় ৩০ লক্ষ টাকার বাজেটে গড়ে উঠেছিল এই মণ্ডপ। বাঁশ, কাপড়, থার্মোকল, তালপাতা, পুরুলের জালি, নিম কাঠ এবং কাঠের গুঁড়ো দিয়ে সুদৃশ্য মণ্ডপ তৈরি করা হয়েছিল। এমনকি মণ্ডপে কালীপ্রতিমাও সাজানো হয়েছিল। কিন্তু শনিবার, মণ্ডপে আলোকসজ্জার কাজ চলাকালীন শটসার্কিট থেকে দাউদাউ করে মণ্ডপে আগুন ধরে যায়। চোখের সামনে নিমেষে গোটা প্যান্ডেল পুড়ে ছাই হয়ে গিয়েছিল।
নতুন করে পুজোর আয়োজন
শনিবারের এই ঘটনায় এলাকার মানুষেরা ভেঙে পড়েছিল। তাঁদের একটাই কথা ছিল তবে কি এবার কালী পুজো হবে না? কিন্তু মনোবল ভাঙতে দেননি পুজো উদ্যোক্তারা। শেষপর্যন্ত মাত্র ১২ ঘণ্টায় নতুন করে পুজোর প্যান্ডেল নির্মাণ করে মা কালীর নয়া প্রতিমা এনে ধুমধাম করে করা হল পুজো। শনিবার রাতেই নতুন করে খুঁটিপুজো করা হয়েছিল। এরপর ওই রাত থেকেই একশোর বেশি শ্রমিক জোরকদমে নতুন করে মণ্ডপ তৈরি করেছিল। পুজোর আগেই রবিবার বিকেলেই কাজ সম্পূর্ণ করা হয়েছে।
আরও পড়ুন: কালীপুজোর রাতে তাণ্ডব রিষড়ায়, পুর আধিকারিকের বাড়িতে চলল গুলি, আটক ২
জানা গিয়েছে, পুরনো পুড়ে যাওয়া মণ্ডপের থেকে প্রায় একশো হাত দূরে নতুন মণ্ডপ তৈরি করা হয়েছিল। এবং দ্বিতীয়বার যাতে আর কোনও দুর্ঘটনা না ঘটে তার দিকে নজর রাখা হয়েছিল। পুলিশ-প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। আর সেই দৃশ্য দেখে আশ্বস্ত হন এলাকার মানুষজনও। সব বাধা কাটিয়ে নতুন প্রতিমায় পুজো নির্বিঘ্নে হোক, এমনই চেয়েছিলেন সকলে। আর সেটাই শেষপর্যন্ত মায়ের সম্মতিতে কার্যকর করা হয়েছে।










