বন্দে ভারত স্লিপারে নিয়ে যাওয়া যাবে পোষ্যও! বিশেষ ব্যবস্থা আনল রেল

Published:

সহেলি মিত্র, কলকাতা: এবার পোষ্যকে নিয়ে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Sleeper) ট্রেনেও ওঠা যাবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এই নিয়ে বিশেষ ব্যবস্থা করল রেল। এতদিন অন্যান্য ট্রেনের ফার্স্ট এসির কূপ ছাড়া পোষ্যকে (Pet) নিয়ে যাওয়ার অনুমতি ছিল না। তাও পোষ্যকে নিয়ে ওঠার আগে মালিককে অনেক লেখালেখি, রেল কর্তাদের থেকে অনুমতি নিয়ে তারপর নিয়ে যাওয়া যেত। তবে এই সুবিধাটা এতদিন বন্দে ভারতে ছিল না বলেই খবর। তবে পোষ্যপ্রেমীদের কথা মাথায় রেখে সেই ব্যবস্থাও করল রেল। চলুন বিশদে জেনে নিই।

এবার বন্দে ভারত স্লিপারেও নিয়ে যাওয়া যাবে পোষ্যকে

এক ভাইরাল ভিডিও অনুযায়ী, এখন পোষ্যদের নিয়ে যাত্রা করতে পারবেন ভারতের প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত স্লিপার ট্রেনে। ভিডিওতে দেখা গেছে, একটি বড় সাদা রঙের খাঁচা রয়েছে যেটায় পোষ্যকে নিয়ে যেতে পারবেন যাত্রীরা। যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি Indiahood.in। বক্সটা এতটাই বড় যে ৩ থেকে ৪টি কুকুর অনায়াসেই থাকতে পারবে। ফল চাইলেই আপনি আপনার পোষ্যকে নিয়ে যেতে পারেন ট্রেনে।

ভাইরাল ভিডিও

সামাজিক মাধ্যমে ট্রেনের ভেতরের বাক্সটি দেখিয়ে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওটি বর্তমানর বিদ্যুতের গতিতে ভাইরাল হচ্ছে সর্বত্র। এই ভিডিও দেখে অনেকেই খুশি ও অবাক হয়েছেন। অনেকেই আবার স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, ভাবছেন যাক অবশেষে এই ট্রেনেও বিশেষ সুবিধাটি চালু করা হল। মনে হচ্ছে বন্দে ভারত ট্রেনগুলি শুধু গতি দিয়েই নয়, পোষ্যবান্ধব সুবিধার মাধ্যমেও মুগ্ধ করছে। এই সুবিধাটি নতুন প্রজন্মের বন্দে ভারত স্লিপার ট্রেনসেটগুলির নকশার একটি অংশ, যা আরামদায়ক রাত্রিকালীন যাত্রার জন্য তৈরি করা হয়েছে। ইন্ডিয়ান রেলওয়েজ ইয়ার বুক ২০২৩-২৪ অনুসারে, ১৬-কোচের বন্দে ভারত স্লিপার ট্রেনের নকশায় ১.৫ টন ধারণক্ষমতার একটি পৃথক লাগেজ কম্পার্টমেন্টের পাশাপাশি কুকুরের জন্য একটি বক্সের সুবিধাও রয়েছে।

এমনিতেই ভারতীয় রেলে পোষ্য প্রাণী বহনের জন্য ইতিমধ্যেই নিয়মকানুন রয়েছে। রেলওয়ের যাত্রী তথ্য পোর্টাল অনুসারে, যাত্রীরা ব্রেক ভ্যানে ডগ বক্সে তাদের কুকুর পরিবহন করতে পারেন। এছাড়াও, ফার্স্ট এসি বা ফার্স্ট ক্লাসে ভ্রমণকারী যাত্রীরা কিছু শর্ত সাপেক্ষে তাদের কামরায় কুকুর রাখতে পারেন। এর জন্য অন্যান্য যাত্রীদের সম্মতি প্রয়োজন। তবে, এসি টু-টায়ার, এসি থ্রি-টায়ার, এসি চেয়ার কার, স্লিপার ক্লাস এবং সেকেন্ড ক্লাস যাত্রীবাহী কোচে পোষা প্রাণী অনুমোদিত নয়।

google button