বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত থেকে চিরকালই শিক্ষা নিয়েছে বাংলাদেশ (Bangladesh)। ভাল কাজের প্রশংসা না করলেও, নয়া দিল্লির থেকে প্রতিনিয়ত অনেক কিছু শেখে ঢাকা! এবার সেমিকন্ডাক্টরের (Semiconductor) চাহিদার দিকে নজর রেখে ভারত থেকে শিক্ষা নিচ্ছে প্রতিবেশী দেশটি। গোটা বিশ্বে দ্রুত বাড়ছে সেমিকন্ডাক্টরের চাহিদা। গত বছর, এই শিল্পে বিশ্বব্যাপী বিক্রির পরিমাণ ছিল 791.7 বিলিয়ন ডলার। যা এর আগের বছরের তুলনায় 25.6 শতাংশ বেশি। এমতাবস্থায়, ভারতের সেমিকন্ডাক্টর শিল্পে অগ্রগতি থেকে শিক্ষা নিয়ে নিজেদের জন্য নতুন সুযোগ খুঁজছে বাংলাদেশ।
ভারতের অগ্রগতিতে নিজেদের জন্য সুযোগ খুঁজছে বাংলাদেশ
সেমিকন্ডাক্টর শিল্পে ভারত ইতিমধ্যেই বড় পরিসরে বিনিয়োগ করে ফেলেছে। 2021 সালে 76 হাজার কোটি রুপির ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন অনুমোদন পাওয়ার পর চিপ ডিজাইন থেকে শুরু করে ফ্যাব্রিকেশন, প্যাকেজিং, গবেষণা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। কূটনৈতিক মহলের অনেকেই মনে করছেন, বাংলাদেশের জন্য ভারতের এই অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী, সেমিকন্ডাক্টার খাতে ভারত যেহেতু বিগত বছরগুলিতে ক্রমশ এগিয়ে চলেছে, বিশেষ করে চিপ ডিজাইনে অনেকটা এগিয়ে নয়া দিল্লি, ঠিক সে কারণেই ভারত থেকে শিক্ষা নিচ্ছে বাংলাদেশ। ওপার বাংলার কয়েকশো ডিজাইনার ইতিমধ্যেই এই শিল্পে কাজ শুরু করেছেন। শুধু তাই নয়, ওপারের উলকাসেমি সহ কিছু প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারের সাথে সংযোগ তৈরি করছে। বাংলাদেশ সরকারের সাম্প্রতিক বাজেটে চিপ ডিজাইন, টেস্টিং ও প্যাকেজিংয়ের কাঁচামালের ক্ষেত্রে কর সুবিধার প্রস্তাব এবং জাতীয় পর্যায়ে সেমিকন্ডাক্টর নিয়ে নীতিগত আলোচনার ইঙ্গিত মিলেছে।
আরও পড়ুন: প্রয়োজন মাত্র ২২ রান, বিশ্বের এক নম্বর ক্রিকেটার হয়ে উঠতে চলেছেন বিরাট কোহলি
বিশেষজ্ঞ মহলের দাবি, বাংলাদেশের জন্য শুরুতেই বিপুল অর্থ খরচ করে চিপ তৈরির কারখানা বা ফ্যাব তৈরি করা বাস্তবসম্মত নয়। বরং দক্ষ প্রকৌশলী তৈরি করা থেকে শুরু করে চিপ ডিজাইন, টেস্টিং ও প্যাকেজিংয়ের মতো ধাপগুলির মাধ্যমে একটু একটু করে এগোতে পারে ঢাকা। বাংলাদেশের বিশেষজ্ঞদের অনেকেরই আশা, সেমিকন্ডাক্টর শিল্পে পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে দক্ষতা উন্নয়ন, গবেষণা, শিল্প প্রশিক্ষণ, যৌথ বিনিয়োগ এবং আঞ্চলিক সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার ক্ষেত্রে লাভবান হতে পারে ভারত এবং বাংলাদেশ।










