কালীপুজোর রাতে তাণ্ডব রিষড়ায়, পুর আধিকারিকের বাড়িতে চলল গুলি, আটক ২

Published:

Rishra Shooting Incident

প্রীতি পোদ্দার, কলকাতা: কালীপুজোর রাতে (Kali Puja 2026) চাঞ্চল্যকর ঘটনা ঘটল রিষড়ায় (Rishra)। জানা গিয়েছে ওই পুরসভার নোডাল অফিসার অসিতাভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে দুষ্কৃতীদের হামলা (Rishra Shooting Incident) চালানোর অভিযোগ উঠেছে। তবে শুধু বাড়িতে ভাঙচুরই নয়, তাঁকে লক্ষ্য করে চালানো হয়েছে গুলিও। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। এদিকে অভিযোগ পেয়ে ঘটনার (Rishra House Attack) তদন্তে নেমেছে রিষড়া থানার পুলিশ। আপাতত দু’জনকে আটক করা হয়েছে।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, রবিবার, রিষড়া পুরসভার অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ডের নবীন পল্লির বাসিন্দা তথা নোডাল আধিকারিক অসিতাভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে একদল দুষ্কৃতীর হামলার অভিযোগ উঠে আসে। জানা গিয়েছে, রাত আড়াইটে নাগাদ কয়েকজন দুষ্কৃতী নাকি নেশাগ্রস্ত অবস্থায় তাঁর বাড়ির সামনে জড়ো হয়ে দেওয়ালে বাঁশ দিয়ে মারার পাশাপাশি দরজায় লাথি মারে। এমনকি চিৎকার করে গালিগালাজও করতে দেখা যায় তাঁদের। আর এই ঝামেলায় অসিতাভবাবু ব্যালকনি দিয়ে দেখতে গেলে এক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে চরম শোরগোল শুরু হয়।

কী বলছেন আহত অসিতাভ গঙ্গোপাধ্যায়?

নোডাল অফিসারের উপর হামলার এই খবর প্রকাশ্যে আসতেই পুলিশ ঘটনাস্থলে আসে। অসিতাভ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, “অনেকদিন ধরে ওই এলাকায় একটি জুয়ার ঠেক বসছিল। কিন্তু কালীপুজোর আগে হঠাৎ সেই ঠেকে পুলিশ হানা দিয়েছিল। দুষ্কৃতীদের ধারণা, ওই ঠেকের খবর আমি পুলিশকে দিয়েছি, আর সেই সন্দেহ করে বাড়িতে হামলা চালানো হয়।” এই ঘটনায় নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন পুরসভার নোডাল অফিসার। ইতিমধ্যেই রিষড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে অভিযোগ পেতেই তদন্তে নেমেছে পুলিশ এবং দু’জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: ‘বিজেপি নয়, আমাকে জেলে পাঠিয়েছেন দিদি’! মমতার বিরুদ্ধে এবার বিস্ফোরক অনুব্রত

জানা গিয়েছে, পদ্মপুকুর পাড়ের বাবাই আইচ এবং সুভাষনগরের সঞ্জীব শিকদার নামে দুই যুবককে আটক করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হতে পারে। কিছুদিন আগেই রিষড়া পুরসভার তরফে একাধিক অভিযান চালানো হয়েছে। খাদ্য সুরক্ষা, ভেজাল তেল, নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার এবং বিভিন্ন অসামাজিক কাজকর্মের বিরুদ্ধে পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়েছিল পুরসভা। আর এবার সেই ঘটনার সূত্র ধরেই নোডাল অফিসারের বাড়িতে হামলা চালালো দুষ্কৃতীরা।

google button