বাজির ফুলকি থেকে বিধ্বংসী আগুন, দুর্গাপুরে নিমেষে ভস্মীভূত গোটা গোডাউন

Published:

Durgapur Godown Fire

প্রীতি পোদ্দার, কলকাতা: কালীপুজোর রাতেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দুর্গাপুরে (Durgapur)। বাজির আগুনে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে গেল বেনাচিতি গুরুদুয়ারা সংলগ্ন এলাকার একটি ডেকোরেটর্সের গোডাউন (Durgapur Godown Fire)। আগুনের লেলিহান শিখা এতটাই ভয়ংকর আকার ধারণ করেছিল যে গোডাউনে থাকা সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, রবিবার, কালীপুজোর সন্ধিক্ষণে সকলেই যখন দীপাবলির আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে, তখনই ভয়ংকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দুর্গাপুরের বেনাচিতি গুরুদুয়ারা সংলগ্ন এলাকার একটি ডেকোরেটর্সের গোডাউনে। জানা গিয়েছে বাজির ফুলকির আগুন মুহূর্তের মধ্যে গোডাউনের একাধিক অংশে ছড়িয়ে পড়ে। নিমেষের মধ্যেই গোডাউনের ভিতরে থাকা সমস্ত আসবাবপত্র এবং ডেকোরেশনের সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের তরফে আগুন নেভানোর কাজ চলছিল তার মাঝেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন।

বাজি ব্যবহার নিয়ে উঠছে প্রশ্ন

গোডাউনের এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের বেশ বেগ পেতে হয়। শেষে গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এদিকে উৎসবের রাতে ঘন জনবসতিপূর্ণ বেনাচিতি গুরুদুয়ারা এলাকার এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও চাঞ্চল্য ছড়ায়। আগুন লাগার প্রকৃত কারণ জানার জন্য ইতিমধ্যেই তদন্তে নেমেছে দমকলকর্মীরা। তবে কালীপুজোর রাতে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড ফের একবার উৎসবের সময় বাজি ব্যবহারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।

আরও পড়ুন: উৎসবের মরশুমে নিরাপত্তায় জোর, পুলিশের গাড়িতে চেপে গোটা এলাকা পরিদর্শন মন্ত্রী অগ্নিমিত্রার

প্রসঙ্গত, গত শনিবার, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার যশোড়াকালি বাজারের আয়োজিত কালীপুজোর মণ্ডপে উদ্বোধনের দিনে ভয়ংকর আগুন ধরে যায়। মণ্ডপ সাজানো হয়েছিল তালপাতা, পুরুলের জালি, নিম কাঠ এবং কাঠের গুঁড়ো দিয়ে। কিন্তু গোটা প্যান্ডেল পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রায় ৩০ লক্ষ টাকার বাজেটে গড়ে উঠেছিল এই মণ্ডপ। দমকলের প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই ওই মণ্ডপে আগুন লেগে থাকতে পারে। তবে বাকি দিকও খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।

google button