ঘুম থেকে উঠেই এই ৫ ভুল করলেই সর্বনাশ! নিজের বিপদ নিজেই ডাকবেন

Published:

morning habits

আনিষা চৌধুরী, কলকাতা: সারাদিনের কাজের প্রস্তুতি শুরু হয় ঘুম থেকে ওঠার পর থেকেই। রাতে ঘুমের পর সকালে ঘুম ভাঙলেও অনেকেরই মস্তিষ্ক পুরোপুরি সজাগ হতে কিছুটা সময় লাগে। এই সময়টায় কারও মধ্যে থাকে ঝিমুনি, কেউ আবার ধীরে ধীরে পরবর্তী কাজের পরিকল্পনা করতে থাকেন। তাই সকালে ওঠার পর প্রথম কয়েকটি অভ্যাস (Morning Habits) আমাদের মনোযোগ, মেজাজ এবং সারাদিনের কাজের উপর প্রভাব ফেলতে পারে। অথচ অজান্তেই আমরা এমন কিছু কাজ করে ফেলি, যা দিনের শুরুতেই আমাদের মনোযোগ ও প্রোডাক্টিভিটি কমিয়ে দিতে পারে। আপনিও কি এই ভুলগুলি করেন? তাহলে সাবধান! জেনে নিন ঘুম থেকে ওঠার পর কোন ৫টি অভ্যাস এড়িয়ে চলা উচিত।

১. ঘুম থেকে উঠেই মোবাইল ফোন দেখা

অনেকেরই সকালে ঘুম ভাঙার পর প্রথম কাজ হল মোবাইল হাতে নেওয়া। একের পর এক নোটিফিকেশন দেখা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা কিংবা খবর পড়া। কিন্তু ঘুম থেকে ওঠার পরই নানা তথ্য, মেসেজ ও কাজের চাপের মধ্যে নিজেকে জড়িয়ে ফেললে দিনের শুরুতেই মানসিক শান্তি বিঘ্নিত হয়। এতে মনোযোগ অন্যদিকে চলে যায়। তাই ঘুম থেকে ওঠার পর অন্তত কিছুটা সময় ফোন থেকে নিজের চোখ দুটোকে দূরে থাকুন।

২. অ্যালার্ম বন্ধ করে বারবার ঘুমানো

সকালে অ্যালার্ম বাজার পর আরও পাঁচ মিনিট ঘুমানোর অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু বারবার অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে পড়লে ঘুমের স্বাভাবিক ধারাবাহিকতা ব্যাহত হতে পারে। এই ধরনের টুকরো টুকরো ঘুমের কারণে ঘুমের ঘোর বা ক্লান্তি সহজে কাটতে চায় না। তাই অ্যালার্ম বাজার পর বারবার স্নুজ না করে বিছানা ছেড়ে উঠে পড়ুন।

৩. ঘুম থেকে উঠে দীর্ঘক্ষণ বিছানায় শুয়ে থাকা

ঘুম ভেঙে যাওয়ার পরও দীর্ঘক্ষণ বিছানায় শুয়ে মোবাইল দেখা কিংবা কোনও কাজ না করে সময় কাটানোর অভ্যাস এড়িয়ে চলুন। এতে সকালের কাজ শুরু করতে দেরি হয় এবং শরীরের সক্রিয় হয়ে ওঠার প্রক্রিয়াও পিছিয়ে যায়। বরং ঘুম থেকে উঠে মুখ ধুয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি বা হালকা স্ট্রেচিং করতে পারেন। এতে শরীরকে ধীরে ধীরে সক্রিয় করে তোলা সহজ হয়।

৪. সকালে প্রাকৃতিক আলো এড়িয়ে চলা

ঘুম থেকে ওঠার পর অনেকেই ঘরের দরজা-জানলা বন্ধ রেখেই দীর্ঘক্ষণ কাটিয়ে দেন। অথচ সকালের প্রাকৃতিক আলো শরীরের নিজস্ব বডি ক্লক বা সার্কাডিয়ান রিদম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকালে আলো শরীরকে জেগে ওঠার সংকেত দেয় ফলে সতেজ অনুভব করতেও সুবিধা হয়। তাই ঘুম থেকে ওঠার পর জানলা খুলে দিন। সম্ভব হলে কিছুক্ষণ বাইরের আলোয় সময় কাটান।

৫. সকালে জল খাওয়ার অভ্যাস উপেক্ষা করা

ঘুমোনোর সময় দীর্ঘক্ষণ জল পান করা হয় না। এই সময় শ্বাস-প্রশ্বাস ও ঘামের মাধ্যমে শরীর থেকে কিছুটা জল বেরিয়ে যায়। ফলে সকালে ঘুম থেকে ওঠার পর শরীরের হাইড্রেশনের দিকে নজর দেওয়া জরুরি। কিন্তু অনেকেই দিনের শুরুতেই জল না খেয়ে চা বা কফি পান করতে শুরু করেন। তাই সকালে ঘুম থেকে উঠে আগে এক গ্লাস জল পান করুন। সারাদিন পর্যাপ্ত জল পান করার অভ্যাসও বজায় রাখুন।

আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য 2BHK ফ্ল্যাট! কালীপুজোয় বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকালের রুটিন ঠিক রাখতে হলে শুধু কয়েকটি ভুল এড়িয়ে চললেই হবে না, পাশাপাশি কিছু স্বাস্থ্যকর অভ্যাসও গড়ে তুলতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন এবং দিনের শুরুতে হালকা শরীরচর্চা বা হাঁটাহাঁটির জন্য কিছুটা সময় রাখুন। মনে রাখবেন, একদিনে সমস্ত অভ্যাস বদলানো সম্ভব নয়। তবে ধীরে ধীরে ছোট ছোট পরিবর্তন আনতে পারলেই সকালের শুরু আরও সুন্দর হয়ে উঠবে এবং কাজেও আরও ভালোভাবে মনোযোগ দিতে পারবেন।

google button