সীমান্তে চলবে কড়া নজরদারি, ভারতীয় সেনায় মোতায়েন হল বিশেষ রোবোটিক ডগ

Published:

Robotic Dog

সৌভিক মুখার্জী, কলকাতা: সীমান্ত সুরক্ষায় এবার বিরাট উদ্যোগ ভারত সরকারের। সেনাবাহিনীতে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এবার নেওয়া হল যুগান্তকারী পদক্ষেপ। জম্মু-কাশ্মীরের আখনূর সীমান্ত পাহারা ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবার বিশেষ রোবোটিক ডগ (Robotic Dog) মোতায়েন করেছে ভারতীয় সেনা। দুর্গম পাহাড়ি অঞ্চলে টহল দেওয়া থেকে শুরু করে শত্রুপক্ষের উপর কড়া নজরদারি রাখতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে খবর। আর সেখানে এই রোবটগুলি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।

রিয়েল টাইম নজরদারি চালাবে রোবোটিক ডগ

সেনা সূত্রে জানা গিয়েছে, এই রোবোটিক ডগগুলিতে অত্যাধুনিক ক্যামেরা এবং সেন্সর লাগানো রয়েছে। এর মাধ্যমে সীমান্তে যে কোনও নড়াচড়ার লাইভ ভিডিও এবং রিয়েল টাইম তথ্য সরাসরি ভারতীয় সেনা জওয়ানদের কাছে পৌঁছে যাবে। প্রতিকূল আবহাওয়া বা দুর্গম পাহাড়ি পথে যেখানে সাধারণ সৈন্যদের পক্ষে অবিরাম নজরদারি চালানো ঝুঁকিপূর্ণ, সেখানে এই রোবটগুলি অনায়াসে কাজ করতে পারবে বলেই জানিয়েছে ভারতীয় সেনা। এমনকি শুধু টহলদারি নয়, শত্রুকে ফাঁদ  পেতে ধরার মতো অত্যন্ত গোপন এবং বিপজ্জনক অপারেশনও এগুলিকে ব্যবহার করা যাবে।

এদিকে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘাঁটিগুলোতে প্রয়োজনীয় রসদ আর গোলাবারুদ পৌঁছে দেওয়ার কাজ করবে এই রোবটগুলি। এক-একটি রোবোটিক ডগের নিজস্ব ওজন প্রায় ৫১ কেজি থেকে শুরু, এবং এগুলি ১০ থেকে ১৫ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে বলেই খবর। যার ফলে সেনা সদস্যদের ঝুঁকি অনেকটাই কমবে। এর প্রধান বৈশিষ্ট্যগুলি হল—

  • ক্ষীণ এবং অত্যন্ত কম আলোতেও এগুলি নিখুঁত নজরদারি চালাতে পারে।
  • ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও শত্রুর যে কোনও গতিবিধি সহজেই সনাক্ত করতে পারে।
  • আগে থেকেই নির্ধারিত ম্যাপ বা রোড অনুযায়ী এটি নিজে থেকে টহল দিতে পারে।
  • জওয়ানদের সাথে লাইভ ভিডিও, অডিও যোগাযোগের সুবিধা রয়েছে।
  • খাড়া, ঢালু রাস্তা, সিঁড়ি বা যে কোনও পাথুরে পথ অনায়াসে পার করতে পারে।

আরও পড়ুন: টাকা পেতে কৃষক আইডি কার্ড দিচ্ছে সরকার, ঘরে বসেই করুন আবেদন, রইল প্রসেস

প্রসঙ্গত, বর্তমানে যুদ্ধ এবং সীমান্ত সুরক্ষায় রোবটের ব্যবহার দিনের পর দিন বাড়ছে। ভারতের পাশাপাশি চিনও তাদের সামরিক মহড়ায় রোবোটিক ডগ এবং চালকবিহীন যানবাহনগুলির কার্যকারিতা পরীক্ষা করছে। আবার অন্যদিকে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে গোলাবারুদ পরিবহন ও আহত সৈন্যদের উদ্ধারকাজেও সফলভাবে ব্যবহার হচ্ছে রোবট। সেই কারণেই ভারতীয় সেনাবাহিনীতে এই অন্তর্ভুক্তি।

google button