“পুলিশকে খোলা হাত দিয়ে রেখেছি” রাজ্যে চতুর্থ এনকাউন্টারের পর সাফ বার্তা মুখ্যমন্ত্রীর

Published:

cm suvendu (1)

আনিষা চৌধুরী, কলকাতা: রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই উন্নয়ন ও জনকল্যাণকে বিশেষ গুরুত্ব দেওয়ার বার্তা দিয়ে আসছে বিজেপি সরকার। সাধারণ মানুষের মাথার উপর পাকা ছাদ, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া থেকে শুরু করে রাস্তাঘাটের পরিকাঠামো উন্নত করার মতো একাধিক বিষয়কে অগ্রাধিকারের তালিকায় রেখেছে নতুন সরকার। তবে উন্নয়নের পাশাপাশি নারী নিরাপত্তা ও অপরাধ দমনের বিষয়টিও যে সরকারের কাছে সমান গুরুত্বপূর্ণ, তা স্পষ্ট। বিশেষ করে ধর্ষণ, খুন ও মহিলাদের উপর অত্যাচারের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছে রাজ্য সরকার। এই বিষয়ে এবার আরও একবার স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

ধর্ষণ ও নারী নির্যাতনে কোনও রেয়াত নয়

নারী ও শিশুদের উপর অপরাধের ঘটনায় পুলিশকে স্বাধীনভাবে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের পশ্চিমবঙ্গে বোনেদের, কন্যাদের ওপরে ধর্ষণ, খুন তথা অত্যাচার করলে বিচার হবে। পুলিশকে খোলা হাত দিয়ে রেখেছি। যা দরকার তাই করবে। পরিস্থিতি অনুযায়ী যা প্রয়োজন হবে সেটাই করবে। এবং সেটা হচ্ছেও। আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, নেশার কারবার করা মাফিয়াদের, ধর্ষণকারীদের এবং অবৈধ অনুপ্রবেশকারীদের, এই রাজ্যে আপনাদের কোনও স্থান নেই। এই সরকার এই সমস্ত বিষয়ে অত্যন্ত কঠোর এবং কঠিন।”

মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট, নারী নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে কোনওরকম রাজনৈতিক পরিচয় বা প্রভাবকে গুরুত্ব দিতে নারাজ রাজ্য সরকার। অপরাধের অভিযোগ সামনে এলে দ্রুত তদন্ত, অভিযুক্তকে চিহ্নিত করা এবং আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করাই প্রশাসনের লক্ষ্য বলে বার্তা দিয়েছেন তিনি। এর আগে বিধানসভাতেও মহিলাদের ও শিশুদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছিলেন শুভেন্দু। পাশাপাশি পুলিশকে আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করার স্বাধীনতা দেওয়ার কথাও বলেছিলেন।

অন্যদিকে, পূর্বতন তৃণমূল সরকারের আমলে নারী নিরাপত্তা ও অপরাধের তদন্তের ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা তার অন্যতম উদাহরণ। ওই ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড হলেও তদন্তের প্রাথমিক পর্যায়, তথ্যপ্রমাণ সংরক্ষণ এবং প্রশাসনিক ভূমিকা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। সন্দেশখালির মতো ঘটনাতেও নারী নির্যাতন ও প্রশাসনের ভূমিকা নিয়ে রাজ্যজুড়ে সমালোচনা হয়েছিল। এই সমস্ত পুরনো মামলার তদন্ত ও প্রশাসনিক ভূমিকা নতুন করে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার।

আরও পড়ুন: আজ থেকে সস্তা ক্যান্সারের চিকিৎসা! ৬৭৯টি ওষুধের দাম ৫০ শতাংশেরও বেশি কমাল সরকার

একটি রাজ্যের সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হল সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণে রাখা, নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা এবং দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা। একইসঙ্গে মহিলাদের নিরাপত্তা, শিশুদের সুরক্ষা এবং দুর্বল শ্রেণির মানুষের অধিকার রক্ষাও প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশি পরিকাঠামো শক্তিশালী করার উপরেও জোর দিচ্ছে বর্তমান সরকার। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজ্য পুলিশের শূন্যপদ পূরণে ১৬ হাজার নতুন কনস্টেবল নিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার পুরনো মামলাগুলির তদন্তে নতুন করে ৪৫৮টি অনুসন্ধান, ১৮১টি নতুন এফআইআর এবং ৫৯টি মামলা পুনরায় খোলার তথ্যও সামনে এসেছে। ফলে আইনশৃঙ্খলা, জননিরাপত্তা ও প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে সরকার যে সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে, তা স্পষ্ট।

google button