জলমগ্ন কলকাতা স্টেশন! বদলে গেল একাধিক দূরপাল্লার ট্রেনের সময়

Published:

সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। কলকাতা স্টেশনে জল জমে বিপর্যস্ত রেল পরিষেবা। যে কারণে ৪টি দূরপাল্লার ট্রেনের সময় বদল (Train Rescheduling) করা হয়েছে। কলকাতা স্টেশনে জল জমার জেরে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। পূর্ব রেলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ নভেম্বর ২০২৬ তারিখে কলকাতা স্টেশন থেকে ছাড়ার কথা থাকা চারটি দূরপাল্লার ট্রেনের যাত্রার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সময়ের পরিবর্তে বেশ কয়েক ঘণ্টা দেরিতে ট্রেনগুলি ছাড়বে। যাত্রীদের স্টেশনে যাওয়ার আগে সংশোধিত সময় দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

কোন ট্রেন কখন ছাড়বে?

পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে (Eastern Railways Zone) জানানো হয়েছে, কলকাতা স্টেশনের স্টেবল ইয়ার্ড লাইন ও সার্কুলার লাইনে জল জমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯ নভেম্বর সকালে কলকাতা পুরসভার ৭২ ইঞ্চি ব্যাসের একটি জলের পাইপলাইন ফেটে যাওয়ার কারণে ওই এলাকায় জল জমেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এক নজরে ট্রেনের তালিকা

১৩১৮১ কলকাতা–শিলঘাট টাউন কাজিরাঙা এক্সপ্রেস: নির্ধারিত সময় সকাল ৯টা ৫ মিনিটের পরিবর্তে বিকেল ৩টা ১৫ মিনিটে ছাড়বে।

আরও পড়ুন: বন্দে ভারত স্লিপারে নিয়ে যাওয়া যাবে পোষ্যও! বিশেষ ব্যবস্থা আনল রেল

১৩১৩৭ কলকাতা–আজমগড় উইকলি এক্সপ্রেস: সকাল ১১টা ২৫ মিনিটের পরিবর্তে বিকেল ৩টা ৪৫ মিনিটে ছাড়বে।

১৩১৫১ কলকাতা–জম্মু তাওয়াই এক্সপ্রেস:  সকাল ১১টা ৪৫ মিনিটের পরিবর্তে বিকেল ৪টেয় ছাড়বে।

১৩১৬১ কলকাতা–বালুরঘাট এক্সপ্রেস: দুপুর ১২টা ৫৫ মিনিটের পরিবর্তে বিকেল ৩টেয় ছাড়বে।

যাত্রীদের জন্য জরুরি পরামর্শ

পাইপলাইন ফেটে জল জমার কারণে কলকাতা স্টেশনের সার্কুলার রেল পরিষেবাও প্রভাবিত হয়েছে বলে পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যাত্রীদের ট্রেনের সংশোধিত ছাড়ার সময় মাথায় রেখে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্টেশনে রওনা হওয়ার আগে রেলের সরকারি ঘোষণা বা অনুসন্ধান পরিষেবা থেকে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়া জরুরি।

google button