শেয়ার, IPO ছাড়াই ২,০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করে ৪.৮০ কোটি জমালেন বিনিয়োগকারী

Published:

Investment

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কোনও শেয়ার বা IPO নয়, মাত্র 2,000 টাকার মাসিক বিনিয়োগ এক ব্যক্তিকে বানিয়ে দিয়েছে কোটিপতি (Crorepati)। হ্যাঁ, প্রতি মাসে নিয়ম করে 2,000 টাকা বিনিয়োগ করে 4.8 কোটি টাকার পোর্টফোলিও তৈরি করে ফেলেছেন 38 বছরের এক বিনিয়োগকারী (Investment)। 2012 সালে এক ছোট সংস্থায় কাজ করার সময় ELSS ফান্ডে বিনিয়োগ করা শুরু করেছিলেন তিনি। পরবর্তীতে সময়ের সাথে সাথে আয় বাড়ার পাশাপাশি বৃদ্ধি পায় বিনিয়োগের পরিমাণ। তাতেই এখন কোটি টাকার মালিক তিনি। যদিও ব্যক্তির নাম বা পরিচয় প্রকাশ্যে আসেনি।

শেয়ার বাজারে বিনিয়োগ না করেই কোটিপতি ব্যক্তি

ওই বিনিয়োগকারী জানিয়েছেন, এই মুহূর্ত তাঁর পোর্টফোলিওর মূল্য 4 কোটি 79 লাখ টাকা। এর মধ্যে 2 কোটি 65 লাখ ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে, 63 লাখ EPF এ, 45 লাখ মার্কিন শেয়ারে, 32 লাখ ফিক্সড ডিপোজিটে এবং 29 লাখ রয়েছে NPS এ। ব্যক্তিগতভাবে কোনও নির্দিষ্ট শেয়ারে বিনিয়োগ বা IPO ছাড়াই এই বিপুল অর্থ সঞ্চয় করে ফেলেছেন ওই ব্যক্তি।

তবে জানিয়ে রাখা প্রয়োজন, কোটি টাকার মালিক হওয়ার পথে বেশ কিছু আর্থিক ধাক্কাও সহ্য করতে হয়েছে ওই বিনিয়োগকারীকে। জানা যায়, 2016 সালে 60 লাখের একটি নির্মীয়মান ফ্ল্যাট 30 লাখ টাকা দিয়ে বুক করার পর নির্মাতা সংস্থার ডিফল্ট করেছিল। বর্তমানে তা নিয়ে চলছে আইনি লড়াই। তবে আর্থিক দিক থেকে বেশ খানিকটা ধাক্কা সহ্য করতে হয়েছে ওই বিনিয়োগকারীকে। যদিও ওই ব্যক্তি এবং তাঁর স্ত্রীয়ের মোট বার্ষিক ব্যক্তিগত আয় 1 কোটি 20 লাখ টাকারও বেশি।

আরও পড়ুন: ফের মুস্তাফিজুর রহমানকে কিনতে চলেছে KKR! বড় খবর

প্রসঙ্গত, ওই ব্যক্তি গত চার বছর ধরে মোটা টাকার একটি SIP ও চালাচ্ছেন। আসলে তাঁর এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে ওঠে তা হল, এককালীন বড় অঙ্কের টাকা বিনিয়োগ করার তুলনায় দীর্ঘমেয়াদে নিয়মিত অল্প অল্প করে বিনিয়োগ করার অভ্যাস সম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একই সাথে এতে এককালীন মোটা টাকার চাপও পড়বে না বিনিয়োগকারীর উপর।

google button