প্রথম প্রচেষ্টাতেই NEET-এ সফল, অভাব অনটনকে হারিয়ে ডাক্তার হবেন মুর্শিদাবাদের সুফিয়ান

Published:

NEET UG Success Story of Abu Sufian

অনন্যা সরকার, মুর্শিদাবাদ: মনে যদি থাকে দৃঢ় সংকল্প, তাহলে সব বাধাকেই জয় করে সাফল্যের পথে এগিয়ে যাওয়া যায়। মুর্শিদাবাদের রানিনগর এলাকার পানিপিয়া গ্রামের বাসিন্দা আবু সুফিয়ানও সেটাই প্রমাণ করলেন (NEET UG Success Story of Abu Sufian)। সীমিত আর্থিক সামর্থ্য ও প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে প্রথম প্রচেষ্টাতেই নিট (NEET) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। কাউন্সেলিংয়ের তৃতীয় পর্যায়ে এসে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন আবু সুফিয়ান, যা তাঁর পরিবারের দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে।

প্রথম প্রচেষ্টাতেই NEET-এ সাফল্য পেলেন আবু 

সীমিত আর্থিক সামর্থ্যের এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা আবু সুফিয়ান ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন। ছেলের পড়াশোনার প্রতি গভীর আগ্রহ ও পারদর্শিতা দেখে তাঁর বাবা স্বপ্ন দেখেছিলেন তাঁর ছেলে একদিন ডাক্তার হবে। আবুর বাবা পেশায় একজন বেসরকারি স্কুলের শিক্ষক। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না হওয়া সত্ত্বেও, তিনি ছেলের সক্ষমতার ওপর কখনোই আস্থা হারাননি এবং তাঁর পড়াশোনার জন্য কখনও আপস করেননি।

আল-আমিন মিশনে পড়াশোনা ও নিরবচ্ছিন্ন প্রস্তুতির মাধ্যমে আবু সুফিয়ান প্রথম চেষ্টাতেই নিট পরীক্ষায় সফল হয়েছেন। শুধু তাই নয় কাউন্সেলিংয়ের তৃতীয় পর্যায়ে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে আসনও পেয়েছেন, যা তাঁর অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের সার্থক স্বীকৃতি। জানিয়ে রাখি, কাউন্সেলিং প্রক্রিয়ার নিয়ম হল তৃতীয় পর্যায়ে কোনো আসন গ্রহণ করলে, তা আর ছেড়ে দেওয়া যায় না।

আরও পড়ুন: দিনমজুর থেকে বড় ব্র্যান্ডের নির্মাতা! বাঁকুড়ার ছবিতার কৃষি বিপ্লবে স্বনির্ভর ৩,৫০০ মহিলা

তবে এই সাফল্য কেবল আবু সুফিয়ানের একার নয়, বরং এটি সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের কাছে এক বড় অনুপ্রেরণা হয়ে উঠেছে। তাঁর এই সফলতা প্রমাণ করে যে, সঠিক প্রস্তুতি ও অদম্য ইচ্ছাশক্তির সাথে সুযোগের সদ্ব্যবহার করলে যেকোনো আর্থিক বা সামাজিক বাধা অতিক্রম করে বড় স্বপ্ন পূরণ করা সম্ভব।

আবু সুফিয়ানের বাবা-মা, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, স্কুলের শিক্ষক ও গ্রামবাসী – সবাই তাঁর এই সাফল্যে অত্যন্ত আনন্দিত। পানিপিয়ার মতো প্রান্তিক গ্রাম থেকে কলকাতার মেডিকেল কলেজ পর্যন্ত তাঁর এই যাত্রা পুরো রানিনগর অঞ্চলের কাছেই গর্বের বিষয় হয়ে উঠেছে। আবু সুফিয়ানের সাফল্য এটাই প্রমাণ করে যে, স্বপ্ন দেখার সাহস ও সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রবল ইচ্ছাশক্তি থাকলে – কোনোকিছুই সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।

google button