বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাত্র 33 বছরেই অবসর নিয়েছিলেন ভারতীয় তারকা সুরেশ রায়না (Suresh Raina)। 2019 বিশ্বকাপের দলে নির্বাচিত হননি তিনি। যার দায় গিয়ে পড়েছিল তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির উপর (Virat Kohli)। অনেকেই মনে করেন, কোহলির জন্যই কেরিয়ার শেষ হয়ে গিয়েছে রায়নার। এ প্রসঙ্গে সম্প্রতি নিজেই মুখ খুলেছেন ভারতীয় তারকা। আকাশ চোপড়ার একটি পডকাস্টে পুরনো বিষয় নিয়ে কথা বলতে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেন রায়না। ঠিক কী বলেছিলেন ভারতীয় দলের প্রাক্তন সদস্য?
মুখ খুললেন রায়না
আকাশ চোপড়ার একটি পডকাস্টে সুরেশ রায়নাকে প্রশ্ন করা হয়েছিল, ধোনি অধিনায়কত্ব ছাড়ার পর ভারতীয় দলে তাঁকে অন্তর্ভুক্ত করার কোনও তাগিদ ছিল কিনা! উত্তরে ভারতীয় তারকা বলেন, “প্রত্যেক অধিনায়কের নিজস্ব দল থাকে। প্রত্যেক অধিনায়কের নিজস্ব খেলোয়াড় থাকে। যখন অন্য কোনও অধিনায়ক দায়িত্ব নেন, তিনি মনে করেন যে তিনি আরও ভাল খেলোয়াড় চান। সেক্ষেত্রে আপনি দেখবেন নতুন অধিনায়ক দায়িত্ব নেওয়ার পর দলে বদল আসে।”
ভারতের প্রাক্তন ক্রিকেটার আরও বলেন, “আমি এবং যুবরাজ সিং দুজনেই ইয়ো ইয়ো টেস্ট ফেল করেছিলাম। কিন্তু পরে আমরা সেটা পাস করি। আমরা প্রচুর ঘরোয়া ক্রিকেট খেলেছি এবং অনেক রান করেছি। তবে কোনও খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করা উচিত কিনা সেটা অধিনায়কের নিজস্ব সিদ্ধান্ত। আমি এবং যুবরাজ সিং দুজনেই ভাল কিছু করতে পারতাম। কিন্তু আমরা অনুভব করেছিলাম 2019 বিশ্বকাপে একটা আলাদা কম্বিনেশন নেওয়ার ভাবনা ছিল অধিনায়কের। আমি বারবার বলি প্রত্যেকের ভাবনা আলাদা। তাই এটা নিয়ে আলোচনার কোনও মানেই হয় না।”
আরও পড়ুন: পারেনি ভারতও, টেস্ট ক্রিকেটে বিশ্বের প্রথম দল হিসেবে ইতিহাস লিখল খুদে জিম্বাবুয়ে
এদিন 2019 বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা না পাওয়া নিয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও এদিন নিজের বক্তব্যের মধ্যে দিয়ে গোটা সিদ্ধান্তের দায় অধিনায়কের উপরই চাপিয়েছেন রায়না। তাঁর এই বক্তব্যের পর বিরাট কোহলিকে নিয়ে বিতর্ক থামলো তো নাই বরং খানিকটা বেড়েই গেল বলেই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা! যদিও সুরেশ রায়না সরাসরি বিরাট কোহলিকে তাঁর কেরিয়ার ধ্বংস হওয়ার নেপথ্যে দায়ী করেননি!










