দেখা হলে অন্যদিকে তাকিয়ে থাকেন! আত্মজীবনীতে মোদীর সম্পর্কে বিস্ফোরক সোনিয়া গান্ধী

Published:

Sonia Gandhi

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের রাজনীতির দীর্ঘ ইতিহাসে সোনিয়া গান্ধী (Sonia Gandhi) এবং নরেন্দ্র মোদী (Narendra Modi) পরস্পর বিপরীত ভাবধারার দু’জন মানুষ। দীর্ঘ এক দশক ধরেই তাঁরা দেশের রাজনৈতিক ময়দানে একে অপরের শীর্ষ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করছেন। তবে সম্প্রতি প্রকাশিত সোনিয়া গান্ধীর ৫৪৪ পাতার আত্মজীবনী ‘Belonging’-এ উঠে এসেছে এক অপ্রত্যাশিত চিত্র। বইটিতে তিনি প্রকাশ করেছেন যে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নাকি তাঁর বাস্তবে খুব একটা সরাসরি যোগাযোগ বা কথাবার্তা হয়নি! আর এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি যোগাযোগ হয়নি সোনিয়া গান্ধীর

বইটিতে সোনিয়া গান্ধী লিখেছেন যে আজও নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ব্যক্তিগত স্তরে সেরকম কোনও যোগাযোগ নেই। তাঁদের সাক্ষাৎ ঘটে শুধুমাত্র কোনও আধা সরকারি অনুষ্ঠানে, যেমন সংসদ বা স্পিকারের চেম্বার। এমনকি তিনি উল্লেখ করেছেন, যখনই তাঁরা মুখোমুখি হন, একে অপরকে নমস্তে জানান। অতীতের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে বর্তমানের তুলনা করে তিনি লিখেছেন, একসময় রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দলমতের ঊর্ধ্বে নেতাদের মধ্যে একটা পারস্পরিক সৌজন্যমূলক সম্পর্ক বজায় থাকত। তবে বর্তমান প্রধানমন্ত্রী সাধারণত চোখ এড়িয়ে অন্য দিকে তাকিয়ে থাকেন!

সোনিয়া গান্ধী তাঁর বায়োপিকে স্পষ্ট করেছেন, নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং আদর্শগত পার্থক্য সম্পূর্ণ স্পষ্ট। মোদী লড়াই করেছিলেন তাঁর নিজের গড়া ভারতের কল্পনার জন্য। আর তিনি নাকি লড়াই করছেন নিজের আদর্শের ভিত্তিতে, যেখানে স্বৈরাচার বা আধিপত্যবাদের কোনও স্থান নেই, বরং সেখানে রয়েছে অন্তর্ভুক্তি, ধর্ম নিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়বিচার। পাশাপাশি তিনি এটিকে কোনও ব্যক্তিগত বিষয় হিসেবেও দেখতে চাননি।

আরও পড়ুন: বেসিক বেতন হবে ১,১৫,৪০০ টাকা! অষ্টম বেতন কমিশন নিয়ে বিরাট সুখবর

যদিও এই তীব্র রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মনস্তাত্ত্বিক মিল খুঁজে পেয়েছেন। তিনি লিখেছেন, দিল্লির রাজনৈতিক অভিজাত শ্রেণি বা ড্রয়িং রুমের আলোচনা সভায় তিনি নিজেও অস্বস্তি বোধ করতেন। কারণ, সেখানকার মতামতগুলি ভারতের সাধারণ মানুষের বাস্তব জীবনের থেকে অনেকটাই ভিন্ন। এমনকি সোনিয়া স্বীকার করেছেন যে নরেন্দ্র মোদী এক সাধারণ এবং সুবিধাবঞ্চিত জীবন থেকে নিজের পরিশ্রমে আরএসএস-এর অন্দরে কাজ করেই ক্ষমতার শিখরে উঠে এসেছেন। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রায়শই দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুকে নিশানা করে দেওয়া মন্তব্যের প্রসঙ্গে সোনিয়া গান্ধী জানিয়েছেন, মোদীর এরকম মনোভাবের পেছনে রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের মানসিক গঠন।

google button