বিশ্বের মঞ্চে গৌরব বাড়ল ভারতের! এশিয়ার সেরা সমুদ্র সৈকত নির্বাচিত গোয়ার পালোলেম

Published:

Palolem Beach of Goa

অনন্যা সরকার, কলকাতা: ভারতের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত পেল আন্তর্জাতিক স্বীকৃতি। রবিবার (৮ নভেম্বর) গোয়া পর্যটন বিভাগ ঘোষণা করেছে যে, Beach.com-এর ‘গ্লোবাল বিচ ইনডেক্স ২০২৬’ (Global Beach Index 2026) অনুযায়ী দক্ষিণ গোয়ার পালোলেম সমুদ্র সৈকত (Palolem Beach) এশিয়ার সেরা সমুদ্র সৈকত হিসেবে নির্বাচিত হয়েছে। একই তালিকায় সমুদ্র সৈকতটি বিশ্বের শীর্ষ ২৫টি সমুদ্র সৈকতের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে। বিশ্বব্যাপী শীর্ষ ২৫টি সমুদ্র সৈকতের তালিকায় পালোলেমই একমাত্র এশিয়া মহাদেশের সৈকত, যা উপকূলবর্তী রাজ্য গোয়া তথা সারা দেশের জন্য একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি।

পালোলেম বিচ জায়গা করে নিল গ্লোবাল বিচ ইনডেক্সের প্রথম দশে

কানাকোনা মহকুমায় অবস্থিত পালোলেম তার অর্ধচন্দ্রাকৃতি উপসাগর, সাদা বালুকাময় সুবিস্তৃত তীর, তালগাছ এবং তুলনামূলক শান্ত জলরাশির জন্য বিখ্যাত। এই র‍্যাঙ্কিং তৈরির ক্ষেত্রে Beach.com ১৮টি সুনির্দিষ্ট মানদণ্ড ব্যবহার করেছে। এর মধ্যে পর্যটকদের পর্যালোচনা, জনপ্রিয়তা বিশেষজ্ঞদের মতামত, জনমত, জলের রঙ ও স্বচ্ছতা সংক্রান্ত নাসা (NASA)-এর তথ্য, পরিবহন ব্যবস্থা এবং জলবায়ু রয়েছে।

পর্যটন বিভাগের মতে, সৈকতের গুণমান, সুযোগ-সুবিধা, জলের মান এবং পর্যটকদের সামগ্রিক অভিজ্ঞতার মতো বিষয়গুলো পালোলেমের এই স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখানকার শান্ত জলরাশি, সাদা বালি এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য সৈকতটির আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে। এখানে আগত পর্যটকরা কায়াকিং, সাঁতার কাটা, ডলফিন দেখার জন্য নৌকা-ভ্রমণ এবং নিকটবর্তী ব্যাকওয়াটার্স ঘুরে দেখার মতো একাধিক আনন্দদায়ক অ্যাক্টিভিটিতে অংশ নিতে পারেন। এছাড়া, উপকূলের গ্রামগুলোর উপস্থিতি, বিভিন্ন ধরনের আঞ্চলিক খাবারের ব্যবস্থা ও ওয়েলনেস সেন্টারগুলো ভ্রমণকারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তোলে।

আরও পড়ুন: দেখা হলে অন্যদিকে তাকিয়ে থাকেন! আত্মজীবনীতে মোদীর সম্পর্কে বিস্ফোরক সোনিয়া গান্ধী

গোয়ার পর্যটন মন্ত্রী রোহান অশোক খাউন্তে জানিয়েছেন যে, এই স্বীকৃতি রাজ্যের উপকূলরেখার প্রাকৃতিক সৌন্দর্য ও অনন্য পর্যটন অভিজ্ঞতার প্রতিফলন। মন্ত্রী জানান যে, গোয়া সরকারের লক্ষ্য কেবল পর্যটকের সংখ্যা বাড়ানো নয়, বরং দায়িত্বশীল ও পুনরুৎপাদনশীল পর্যটনকে উৎসাহিত করা – অর্থাৎ পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ, স্থানীয় সম্প্রদায় ও সাংস্কৃতিক পরিচিতি রক্ষা করা। গোয়ার পর্যটন বিভাগের ডাইরেক্টর কেদার নায়েক বলেন, এই র‍্যাঙ্কিং আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে গোয়ার অবস্থানকে নিশ্চিতভাবে আরও শক্তিশালী করবে এবং দক্ষিণ গোয়াকে বিশ্বের বৃহত্তর পর্যটকগোষ্ঠীর কাছে পরিচিত করে তুলবে। এটি ভ্রমণকারীদের গোয়ার অন্যান্য উপকূলীয় অঞ্চল, দর্শনীয় স্থান এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক দিকগুলো অন্বেষণ করতে উৎসাহিত করতে পারে। 

গোয়া এখন কেবল নির্দিষ্ট মরশুম-ভিত্তিক সমুদ্র সৈকত পর্যটনের ওপর নির্ভরশীল নয়, সারা বছর ধরে পর্যটকদের পছন্দের গন্তব্য হয়ে ওঠার জন্য কাজ করছে। এই লক্ষ্যে অভ্যন্তরীণ পর্যটন, ওয়েলনেস, খাওয়া-দাওয়ার অনন্য অভিজ্ঞতা, আধ্যাত্মিকতা এবং প্রকৃতি-নির্ভর ভ্রমণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পালোলেম বিচ যে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, তা পর্যটনকেন্দ্র হিসেবে গোয়ার ভাবমূর্তিকে আরও সমৃদ্ধ করে তুলেছে।

google button