প্রীতি পোদ্দার, কলকাতা: অফিসে ফের নিম্নস্তরের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠল উচ্চস্তরের এক কর্মীর, ঘটনাটি ঘটেছে বর্ধমানে (Bardhaman Fire Brigade)। অভিযোগ সেখানকার ফায়ার ব্রিগেডের ওসি সহকর্মীকে মারধর করে তাঁর বুকে সজোরে লাথি মারে (Fire Brigade Assault Case)। আর সেই অভিযোগ প্রকাশ্যে আসতেই ওই ওসিকে নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ মঙ্গলবার, বর্ধমানে ফায়ার ব্রিগেডে কর্মরত একজন স্থায়ী দমকল কর্মীকে ফায়ার ব্রিগেডের ওসি চন্দননগরের একটি রিলিজ অর্ডারে সই করতে বলেছিলেন। কিন্তু সেই সময় নাকি ওই কর্মী তাঁকে বলেছিলেন পরে সই করবেন। আর তাতেই রেগে যান ওই ওসি। কর্মীকে চোখ রাঙানোর পরেও তাঁকে সই করতে বলেন কিন্তু তাতেও ওই কর্মী সই না করায় রীতিমতো বুকে লাথি মারার অভিযোগ ওঠে ওসির বিরুদ্ধে। এরপরই বুকে ব্যাথা নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসককে দেখান ওই কর্মী।
FIR করার হুঁশিয়ারি কর্মীর
একজন উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে সহকর্মীকে মারধরের এমন অভিযোগ প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই দফতরের অন্দরে শুরু হয়েছে চর্চা। জানা গিয়েছে আক্রান্ত কর্মী আগে মেমারিতে কাজ করতেন কিন্তু বিগত ১ মাস ধরে এখানে ট্রান্সফার হয়ে এসেছেন। এদিন ওই ওসির বিরুদ্ধে চিকিৎসকের রিপোর্ট সমেত একটি দরখাস্ত DFO-র কাছে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দাবি, যদি DFO কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে পুলিশে FIR করব। এদিন বাকি কর্মীদের তরফেও ওসির বিরুদ্ধে একাধিক অভিযোগ জানাতে শোনা যায়।
আরও পড়ুন: এনকাউন্টার হবেন অভিষেকের PA সুমিত রায়? স্ত্রীয়ের আবেদন খারিজ করে জানাল হাইকোর্ট
এই ঘটনায় কর্তৃপক্ষের তরফে কী পদক্ষেপ করা হবে, তা এখনও স্পষ্ট নয়। অভিযোগের বিষয়ে ওসি বা দফতরের কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও জানা যায়নি। কিছুদিন আগে সরকারি বাসের অনুসন্ধান কেন্দ্রে সাহেবগঞ্জ থানার এক পুলিশকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের দুই কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, ওই পুলিশকর্মী কর্তব্যরত না থাকা অবস্থায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস ধরতে আসেন এবং বাসের গন্তব্যস্থলের বিষয়ে কন্ডাকটরের কাছে জানতে চান। একাধিক বার জিজ্ঞাসা করার পরেও কন্ডাকটর কোনও জবাব না দেওয়ায় ওই পুলিশকর্মীর সঙ্গে বচসা শুরু হয়েছিল।










