আনিষা চৌধুরী, কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় নতুন করে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। এই মামলার তদন্তের সূত্র ধরেই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ, হাসপাতালের সরকারি তহবিলের কয়েক কোটি টাকা বেআইনিভাবে সরিয়ে প্রভাবশালী ঠিকাদার ও ভেন্ডরদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। সেই আর্থিক লেনদেন এবং দুর্নীতির বিষয়টিকে কেন্দ্র করেই তাঁকে তলব করে ED।
কী জানাচ্ছে ED?
মঙ্গলবার, ১০ নভেম্বর সল্টলেকের CGO কমপ্লেক্সে ED-র দফতরে হাজিরা দেন সন্দীপ ঘোষ। যদিও নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১১টায় তাঁর পৌঁছনোর কথা ছিল। কিন্তু সেই সময় তিনি নিজে হাজির না হয়ে তাঁর আইনজীবীকে পাঠান। পরে বেলা ১টা ৩০ মিনিটের কিছু আগে নিজে তদন্তকারী সংস্থার দফতরে পৌঁছন। সেখানে ঢুকেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ।
উল্লেখ্য, এর আগে গত ৪ নভেম্বরও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ED। কিন্তু সেদিন তিনি হাজিরা দেননি। পরিবর্তে তদন্তকারীদের চিঠি দিয়ে আরও ১৫ দিন সময় চেয়েছিলেন। প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদের আর্জিও জানিয়েছিলেন তিনি। এরপর নতুন করে নোটিস পাঠিয়ে ১০ নভেম্বর তাঁকে হাজিরার নির্দেশ দেয় ED। মঙ্গলবার সকালে আইনজীবীকে পাঠিয়ে সময় চাইলেও তদন্তকারীরা তাঁকে সেদিনই হাজির হতে বলেন।
এই মামলায় ED-র পাশাপাশি সিবিআইও সমান্তরালভাবে তদন্ত চালাচ্ছে। ২০২৪ সালে আর্থিক অনিয়মের অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই। পরবর্তীতে দীর্ঘদিন জেলবন্দি থাকার পর চলতি বছরের অক্টোবর মাসে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিনি। আরজি করের চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পরেই হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। সেই সূত্র ধরেই তদন্ত শুরু হয়।
আরও পড়ুন: ভোটের প্রচারে অংশ নিতে পারবেন না সরকারি আধিকারিকরা, কড়া নির্দেশ কমিশনের
তদন্তকারীদের অভিযোগ, হাসপাতালের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ সরকারি অর্থ বেআইনিভাবে কয়েকজন প্রভাবশালী ঠিকাদার ও ভেন্ডরের অ্যাকাউন্টে সরানো হয়েছিল। এই লেনদেনের পিছনে কারা জড়িত এবং কীভাবে অর্থের অপব্যবহার হয়েছে, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় সংস্থাগুলি।










