সহেলি মিত্র, কলকাতাঃ চেহারা বদলে গেল পাহাড়ের! এখনও শীত সেভাবে জাঁকিয়ে পড়েনি, হালকা ঠান্ডাই রয়েছে। এরই মধ্যে ঝাড়গ্রামের পাহাড়ি অঞ্চলে দারুণ দৃশ্য দেখা গিয়েছে। সূর্য ডুবতেই বদলে যায় বেলপাহাড়ির (Belpahari) পাহাড়-জঙ্গলের চেনা ছবি। দিনের আলো নিভে সন্ধ্যা নামলে ঘন জঙ্গল থেকে ভেসে আসে ঝিঁঝিঁ পোকার ডাক, নিশাচর পাখির আওয়াজে মুখরিত হয়ে ওঠে চারপাশ। আর অন্ধকার পাহাড়ের গায়ে একের পর এক জ্বলে ওঠে অসংখ্য জোনাকি। মনে হয়, যেন পাহাড়জুড়ে ছড়িয়ে রয়েছে আলোর মালা।
এই শীতে যাবেন নাকি ‘জোনাকি পাহাড়’?
প্রকৃতির এমনই অপূর্ব দৃশ্যের সাক্ষী থাকতে ঝাড়গ্রামের বেলপাহাড়ির দলদলি পাহাড়ে বাড়ছে পর্যটকদের আনাগোনা। জোনাকির আলোয় মুগ্ধ হয়ে অনেকেই এই পাহাড়কে নাম দিয়েছেন ‘জোনাকি পাহাড়’।প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বেলপাহাড়ী বরাবরই ভ্রমণপিপাসুদের কাছে আকর্ষণের কেন্দ্র। দিগন্তবিস্তৃত শাল-পিয়ালের জঙ্গল, উঁচুনিচু পাহাড়ের সারি, আঁকাবাঁকা রাস্তা এবং নুড়ি-পাথরে ভরা ছোট ছোট নদী ও জলধারা এই এলাকার সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। পাহাড়ি উপত্যকায় ছড়িয়ে থাকা ছোট ছোট গ্রামগুলি সন্ধ্যা নামতেই নিস্তব্ধ হয়ে যায়। আর তখনই পাহাড় ও জঙ্গলের বুকে শুরু হয় প্রকৃতির অন্য এক উৎসব। অন্ধকারের মধ্যে অসংখ্য জোনাকির আলো জ্বলে ওঠে।
ভিড় বাড়ছে পর্যটকদের
পাহাড়ের গায়ে ছড়িয়ে পড়া সেই আলো এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে। পরিবেশ দূষণ, আলোক দূষণ এবং ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে বিভিন্ন এলাকায় জোনাকির সংখ্যা কমছে। তবে বেলপাহাড়ীর দলদলি পাহাড়, শিয়ারবিন্দা, গেরুলিয়া, তেলিঘানা ও বিরগিরির গভীর জঙ্গল এবং পাহাড়ি এলাকায় এখনও দেখা মেলে এই আলোকময় পতঙ্গের। জোনাকিরা মূলত আলোর সংকেতের মাধ্যমে সঙ্গী নির্বাচন করে। পাশাপাশি নিজেদের অবস্থান ও এলাকা চেনানো এবং শত্রুদের বিভ্রান্ত করতেও আলো জ্বালানো-নেভানোর কৌশল ব্যবহার করে। জোনাকির আকর্ষণেই ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে দলদলি পাহাড়।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা! ৪ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা, আবহাওয়ার খবর
বেলপাহাড়ির ইন্দিচক থেকে ৫ নম্বর রাজ্য সড়ক ধরে তামাজুড়ি ও জামজুরকি পেরোলেই পৌঁছে যাওয়া যায় এই পাহাড়ের কাছে। স্থানীয় বাসিন্দা সঞ্জয় মান্ডি জানান, সন্ধ্যার পর গোটা এলাকা অন্ধকারে ডুবে যায়। ঝিঁঝিঁ পোকার শব্দে মুখরিত হয়ে ওঠে চারপাশ। একসময় দিনের বেলাতেও এই এলাকায় মানুষ আসতে চাইতেন না। কিন্তু পর্যটনের আকর্ষণ বাড়ায় এখন মানুষের আনাগোনা অনেকটাই বেড়েছে। পাহাড়টির নির্দিষ্ট কোনও নাম না থাকলেও জোনাকির আলোর জন্য পর্যটকদের কাছে এটি ‘জোনাকি পাহাড়’ নামে পরিচিতি পাচ্ছে।
ভুলাভেলার বাসিন্দা রাজেন হেমব্রমের কথায়, রাস্তার ধারে এবং বাড়িতে বৈদ্যুতিক আলো জ্বলার কারণে জোনাকির সংখ্যা কমছে। তবে গভীর জঙ্গল ও পাহাড়ি এলাকায় এখনও প্রচুর জোনাকি দেখা যায়।
কী বলছেন ব্যবসায়ীরা?
বেলপাহাড়ীর পর্যটন ব্যবসায়ী বিধান দেবনাথ জানান, দলদলি পাহাড় ছাড়াও কাঁকড়াঝোর, শিয়ারবিন্দা ও তেলিঘানার জঙ্গল-পাহাড়ি এলাকায় জোনাকির দেখা মেলে। এই দৃশ্য উপভোগ করতে পর্যটকদের আগ্রহও দিন দিন বাড়ছে। তবে সন্ধ্যার পর জোনাকি দেখতে গেলেও বেশি রাত পর্যন্ত সেখানে না থেকে দ্রুত ফিরে আসার পরামর্শ দেওয়া হয়।
বেলপাহাড়ি জেলা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মধুসূদন কর্মকার জানান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার পর্যটন ব্যবসায়ীরা ইতিমধ্যেই জোনাকি পর্যটনকে জনপ্রিয় করার উদ্যোগ নিয়েছেন।










