আনিষা চৌধুরী, কলকাতা: শালবনির জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির (Abhishek Banerjee) ব্যক্তিগত সহায়ক সুমিত রায় (Sumit Roy)। সরকারি জমি বেআইনিভাবে বিক্রি এবং সেই সংক্রান্ত আর্থিক লেনদেনের অভিযোগে তদন্ত শুরু হওয়ার পর একাধিক তথ্য সামনে আসে। তদন্তের সূত্র ধরে সুমিতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এর পরেই ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের একটি কার্যালয় থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনা সামনে আসে। সেই ঘটনাকে কেন্দ্র করেই এবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন সুমিতের স্ত্রী।
কী জানাচ্ছে হাই কোর্ট?
গত ৪ নভেম্বর ডায়মন্ড হারবারের সরিষায় একটি তৃণমূলের কার্যালয়ে তল্লাশি চালিয়ে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার জানান, সুমিত রায়কে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেই ওই টাকার সন্ধান পাওয়া গিয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই সংশ্লিষ্ট জায়গায় তল্লাশি চালানো হয় বলে পুলিশের দাবি। উদ্ধার হওয়া টাকার উৎস এবং ওই অর্থের সঙ্গে কারা যুক্ত, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। তবে এই টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।
এই ঘটনার পরেই স্বামীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাই কোর্টে মামলা করেন সুমিতের স্ত্রী সুস্মিতা ঘোষ। তাঁর অভিযোগ, পুলিশি হেফাজতে সুমিতের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। এমনকি জোর করে টাকা উদ্ধারের ঘটনায় স্বীকারোক্তি আদায়ের জন্য ভুয়ো এনকাউন্টারের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। আদালতের কাছে সিবিআই তদন্ত অথবা অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের আবেদন জানান তিনি। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানানো হলেও তা মঞ্জুর হয়নি। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে জানান, সুমিত ইতিমধ্যেই হেফাজতে রয়েছেন এবং তদন্ত চলছে। আদালত মামলাটি হাই কোর্টের ছুটি শেষ হওয়ার পর নিয়মিত বেঞ্চে পাঠানোর নির্দেশ দেয়।
অন্যদিকে, গোটা ঘটনাকে সাজানো বলে দাবি করেছেন সুমিতের স্ত্রী। তাঁর বক্তব্য, উদ্ধার হওয়া টাকার সঙ্গে তাঁর স্বামীর কোনও সম্পর্ক নেই। পুলিশ মিথ্যা অভিযোগে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি। একই সুর শোনা গিয়েছে অভিষেক ব্যানার্জির বক্তব্যেও। সংবাদমাধ্যমের সামনে তিনি দাবি করেন, সুমিতকে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং উদ্ধার হওয়া টাকা আগে থেকেই নির্দিষ্ট জায়গায় রেখে পুলিশ প্রমাণ সাজানোর চেষ্টা করেছে। তাঁর আরও অভিযোগ, সুমিতকে গ্রেফতারের কয়েক ঘণ্টা আগে একটি গাড়িতে করে ওই জায়গায় টাকা রাখা হয়েছিল। এই বিষয়ে তাঁর কাছে প্রমাণ রয়েছে বলেও দাবি করেন অভিষেক।
আরও পড়ুন: নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! এবার মমতার বিরুদ্ধে মামলা করবেন শুভেন্দু
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর সুমিতকে গ্রেফতার করে CID। প্রথমে আট দিনের পুলিশি হেফাজত এবং পরে আরও পাঁচ দিনের CID হেফাজতে ছিলেন তিনি। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। গত ৬ নভেম্বর কলকাতা হাই কোর্টে তাঁর জামিনের আবেদনেও স্বস্তি মেলেনি। আগামী ১৬ নভেম্বর আদালত খোলার পর নিয়মিত বেঞ্চে সেই মামলার শুনানি হওয়ার কথা। সুমিতের বিরুদ্ধে তদন্ত কোন দিকে এগোয় এবং আদালতে তাঁর জামিনের আবেদনের ভবিষ্যৎ কী হয়, এখন সেদিকেই নজর জনগণের।










