বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় নৌবাহিনীর বাড়তে থাকা ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে এমনিতেই উদ্বিগ্ন পাকিস্তান (Pakistan), তার উপর দেশের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র (BrahMos) নিয়ে সব সময়ই ভয়ের মধ্যে থাকে ইসলামাবাদ। ঠিক সে কারণেই এবার ভারতের সম্ভাব্য হামলার আশঙ্কা থেকে নিজেদের গুরুত্বপূর্ণ ওরমারা নৌঘাঁটি আধুনিকীকরণ ও সম্প্রসারণের কাজ শুরু করে দিয়েছে পাকিস্তান। আসলে পাকিস্তানের বালুচিস্তানের আরব সাগর উপকূলে অবস্থিত এই ঘাঁটি করাচির পর দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-সামরিক কেন্দ্র।
ভারতের হামলার ভয়ে নড়ে চড়ে বসল পাকিস্তান!
ওরমারা নৌ-ঘাঁটি পাকিস্তানের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘাঁটি করাচির তুলনায় অনেকটাই পশ্চিমে অবস্থিত এবং পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ও অন্যান্য সামরিক পরিকাঠামোর জন্য গুরুত্বপূর্ণ। সে কারণেই এই নৌঘাঁটির সামরিক পরিকাঠামো থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য সুবিধা আরও শক্তিশালী করার দিকে নজর দিচ্ছে ইসলামাবাদ। কয়েকটি রিপোর্ট বলছে, ভারতের দুরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্রহ্মোসের হামলার ভয়েই এমন পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান সরকার।
আসলে ভারতীয় নৌবাহিনীর বিভিন্ন জাহাজে মোতায়েন করা রয়েছে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল। গত 6 অক্টোবর, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক নৌবাহিনীর যুদ্ধজাহাজের জন্য ব্রহ্মোসের ফায়ার কন্ট্রোল সিস্টেম ও লঞ্চার কিনতে 661.50 কোটি টাকার চুক্তিও করেছে। তাতে আগামী দিনে আরও শক্তি বাড়বে ভারতীয় সেনার।
আরও পড়ুন: ট্রেনে, বাসে লাগানো হল আগুন, মৃত চালক! নামল সেনা, উত্তাল বাংলাদেশ
এখানেই শেষ নয়, ভারত দ্রুত 800 কিলোমিটার রেঞ্জের উন্নত এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্রহ্মস মিসাইলের আধুনিক সংস্করণ তৈরির পথেও ক্রমশ এগিয়ে চলেছে। কূটনৈতিক মহলের অনেকেই বলছেন, ভারতের এই ভয়ানক ক্ষেপণাস্ত্রের আধুনিকীকরণ এবং একের পর এক সামরিক পদক্ষেপের কারণে সম্ভাব্য হামলার আশঙ্কায় তড়িঘড়ি নিজেদের নৌঘাঁটি সাজাচ্ছে পাকিস্তান।










