অনন্যা সরকার, কলকাতা: গত মাসেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (SBSTC) পক্ষ থেকে চালু করা হয়েছিল পাঁচটি নতুন পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস। এবার পশ্চিমবঙ্গ পরিবহন নিগম (WBTC) রাজ্যের গণপরিবহন ব্যবস্থাকে আরও আরামদায়ক, আধুনিক এবং পরিবেশবান্ধব করে তোলার লক্ষ্যে একটি বড় উদ্যোগ গ্রহণ করেছে। সম্প্রতি বাস ডিপোতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে উজ্জ্বল কমলা রঙের নতুন ‘পিএমআই ফোটন ১২এম’ (PMI Foton 12M) বৈদ্যুতিক এসি বাসগুলোকে (Electric AC Buses), যা নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন রাজ্যবাসী।
পিএমআই ফোটন ১২এম বাসের বিশেষত্ব
পিএমআই ইলেকট্রো মোবিলিটি সলিউশনস (PMI Electro Mobility Solutions) কর্তৃক নির্মিত এই বাসগুলো সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং ‘জিরো-এমিশন (Zero Emissions) বা শূন্য-নির্গমন প্রযুক্তিসম্পন্ন। ১২ মিটার দীর্ঘ বাসগুলিতে ৩৩টি আরামদায়ক আসন রয়েছে। বাসগুলোর লো-ফ্লোর বা নিচু মেঝের নকশা বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ওঠা-নামার প্রক্রিয়াকে সহজতর করে। বাসের সামনের দিকে থাকা হুইলচেয়ারের প্রতীকী চিহ্নটি এই বিশেষ সুবিধার বিষয়টিকেই তুলে ধরে।
এছাড়া, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিটি বাসে ইমারজেন্সি বাটন, প্যানিক বাটন, স্টপ বাটন এবং সিসিটিভি ক্যামেরা রয়েছে। একবার ফুল চার্জ দিলে এই বাসগুলো প্রায় ২০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ডিজেলচালিত বাসের তুলনায় এগুলোতে ঝাঁকুনি ও শব্দ অনেক কম হয়, যা বায়ু ও শব্দ – উভয় ধরনের দূষণ কমাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরও পড়ুন: রাজ্যে এল SBSTC-র বিলাসবহুল ভলভো ৯৬০০ স্লিপার বাস, চলবে পছন্দের দুই দূরপাল্লার রুটে
কোন কোন রুটে চলবে?
শোনা যাচ্ছে, পর্যায়ক্রমে ২০টিরও বেশি নতুন বাস চালু করা হচ্ছে, যা গড়িয়া, সল্টলেক, হাওড়া এবং নিউ টাউন ডিপো থেকে পরিচালিত হবে। যেসব রুটে পরিষেবা ইতিমধ্যে শুরু হয়েছে – অথবা শীঘ্রই শুরু হতে চলেছে, তার মধ্যে রয়েছে শাপুরজি থেকে হাওড়া স্টেশনগামী এসি-১২, গড়িয়া থেকে হাওড়া স্টেশন যাওয়ার এসি-৫, কুঁদঘাট থেকে শাপুরজি যাওয়ার এসি-৪৭ এবং বিমানবন্দর থেকে এসপ্ল্যানেডগামী ভিএস-১। অফিস টাইমে নিউ টাউন, সেক্টর ফাইভ, হাওড়া এবং দক্ষিণ কলকাতার মধ্যে যাতায়াতকারী যাত্রীরা এই নতুন ইলেকট্রিক এসি বাসগুলোর জন্য নিঃসন্দেহে আরও পরিবেশবান্ধব ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা পাবেন। ছবিঃ Kolkata bus-o-pedia।










