সরকারি কাজে ফাঁকি বা ঢিলেমি দিলেই শোকজ, কর্মীদের শাস্তির ঘোষণা রাজ্য সরকারের

Published:

Government Of West Bengal

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিভিন্ন সময়ে সরকারি দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে নানান অভিযোগ ওঠে। কারও বিরুদ্ধে কাজে ফাঁকি, তো কারও বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন সাধারণ মানুষ। আমজনতা যাতে আর সেই অভিযোগ তুলতে না পারেন সেজন্য এবার সরকারী আধিকারিকদের বিষয়ে কড়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (Government Of West Bengal)। দিনের পর দিন নির্দিষ্ট কোনও কাজের ফাইল আটকে ঢাকা থেকে শুরু করে কাজে বিলম্ব বা কাজ না করে অজুহাত দেওয়ার মতো বিষয়ে এবার সরকারি আধিকারিক বা কর্মচারীদের শোকজ করতে পারে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সরকার। সরকারি কাজে গতি আনতে বৃহস্পতিবার সেই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।

বিজ্ঞপ্তি জারি করে বড় পদক্ষেপ রাজ্যের

সরকারি কাজে দেরি বা কাজ না করে অজুহাত দিলে এবার থেকে শাস্তির মুখে পড়তে হবে আধিকারিকদের বা সরকারি কর্মচারীদের। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 মেনেই জারি করা হয়েছে বিশেষ বিজ্ঞপ্তি। বৃহস্পতিবার, নোটিস জারি করে মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানিয়ে দিয়েছেন, সরকারি কাজে গাফিলতি বা কাজ না করে অজুহাত দিলে শোকজ করা হবে কর্মচারীদের।

Notice WB

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কাজ সম্পূর্ণ না করলে শোকজের মুখে পড়তে হবে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের। সে ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের শোকজ করার পূর্ণ অধিকার রয়েছে সরকারি দপ্তরগুলির প্রধানদের। ওই বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, সরকারি কাজে কেন বিলম্ব হচ্ছে তার কারণ জানানোর জন্য সংশ্লিষ্ট কর্মচারী বা আধিকারিকরা 15 দিন পর্যন্ত সময় পাবেন। সেক্ষেত্রে প্রতি মাসের 10 তারিখ ডেডলাইন দেওয়া হয়েছে সরকারের তরফে। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেই ব্যবস্থা নেবে রাজ্য।

আরও পড়ুন: বাদ পড়তে পারেন বহু মহিলা, ফের শুরু হল অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী বারবার বলে এসেছেন, দ্রুত শেষ করতে হবে সরকারি কাজ। এই ধরনের কাজে কোনও মতেই ঢিলেমি দেওয়া চলবে না। এবার সেই মতোই শাস্তির বিধানও দিয়ে দিল নবান্ন। মুখ্যসচিব একেবারে খোলাখুলি জানিয়ে দিয়েছেন, যত দ্রুত সম্ভব রাজ্যে এই নিয়ম চালু হয়ে যাবে। আর সেটা হলে, সরকারি কর্মচারীরা যে কাজে যথেষ্ট তৎপর হবেন সে কথা বলাই যায়।

google button