এবার বন্দে ভারতে চেপে গোয়া, জেনে নিন রুট ও সময়সূচি

Published:

Yesvantpur - Madgaon Vande Bharat Express

অনন্যা সরকার, কলকাতা: যে সমস্ত বেঙ্গালুরুবাসী প্রায়ই গোয়ার মনোরম সুন্দর সমুদ্র সৈকতে বেড়াতে যান কিংবা যাঁরা যেতে আগ্রহী, তাদের জন্য নতুন একটি রেল পরিষেবা চালু করেছে ভারতীয় রেল (Indian Railways)। নতুন বন্দে ভারত এক্সপ্রেস (Yesvantpur – Madgaon Vande Bharat Express)-টি বেঙ্গালুরু থেকে গোয়ার মাডগাঁও পর্যন্ত যাতায়াত করবে। সপ্তাহে ছয় দিন চলাচলকারী এই সেমি-হাই-স্পিড ট্রেনটি প্রায় ১৩ ঘণ্টা ২০ মিনিটেই গন্তব্যে পৌঁছাবে। মাডগাঁও থেকে যশবন্তপুর ফেরার পথে (ট্রেন নং ২০৬৬৬) অবশ্য সময় লাগবে আরও কম, মাত্র ১২ ঘণ্টা ৫৫ মিনিট। যশবন্তপুর–মাডগাঁও বন্দে ভারত এক্সপ্রেস আজ (১৩ নভেম্বর) থেকে চলাচল শুরু করবে।

চালু হচ্ছে বেঙ্গালুরু থেকে গোয়া যাওয়ার বন্দে ভারত এক্সপ্রেস 

ট্রেনটি বেঙ্গালুরুর যশবন্তপুর থেকে যাত্রা শুরু করে কর্ণাটকের একাধিক মনোরম উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে এগিয়ে যায়। মাডগাঁও পৌঁছানোর আগে যাত্রীরা দেখতে পাবেন পশ্চিমঘাট পর্বতমালার কিছু অংশ। এই নতুন প্রিমিয়াম ট্রেন পরিষেবাটি কেবল পর্যটনকেই উৎসাহিত করবে না, তার সাথে সাথে দুই রাজ্যের মধ্যে যাতায়াতকে আরও সহজ ও দ্রুততর করবে, যা ব্যবসায়িক ও ব্যক্তিগত ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের সময় সাশ্রয় করবে। আসুন এই ট্রেনটির সময়সূচি ও স্টপেজগুলি দেখে নেওয়া যাক। 

২৬৬৫৫ যশবন্তপুর – মাডগাঁও বন্দে ভারত এক্সপ্রেস: যশবন্তপুর থেকে সকাল ৭:৪৫ মিনিটে মাডগাঁওয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। যাত্রাপথে ট্রেনটি শ্রাবণবেলগোলা (সকাল ৯:০১ – ৯:০৫), হাসান (সকাল ৯:৩১ – ৯:৩৬), সাকলেশপুর (সকাল ১০:২০ – ১০:২২), সুব্রহ্মণ্য রোড (সকাল ১১:৪০ – ১১:৪২) এবং কাবাকা পুত্তুর (দুপুর ১:২৫ – ১:২৭)-এ থামবে। এরপর ট্রেনটি দুপুর ৩:০৫ মিনিটে মাঙ্গালুরু জংশনে পৌঁছাবে এবং বিকেল ৩:১৫ মিনিটে সেখান থেকে রওনা হয়। এরপর এটি উদুপি (৪:২০–৪:২২), কুন্দাপুরা (৪:৩৮–৪:৫০), মুকাম্বিকা রোড বাইন্দুর (৫:২০–৫:২২), মুরদেশ্বর (৭:০০–৭:০২), গোকর্ণ রোড (৭:১০–৭:১২) এবং কারওয়ার (৭:৫৫–৭:৫৭) স্টেশনে থামবে। সবশেষে, এটি রাত ৮:৫৫ মিনিটে মাডগাঁও পৌঁছাবে।

আরও পড়ুন: পুরুলিয়া থেকে মুর্শিদাবাদের লালগোলা যাওয়ার নাইট বাস, জানুন রুট ও সময়সূচি

২৬৬৫৬ মাডগাঁও – যশবন্তপুর বন্দে ভারত এক্সপ্রেস: ট্রেনটি সকাল ৮:২০ মিনিটে মাডগাঁও থেকে ছাড়বে। তারপর এটি কারওয়ার (১০:০১–১০:০৫), গোকর্ণ রোড (১১:১০–১১:১২), মুকাম্বিকা রোড বাইন্দুর (১১:২০–১১:২২), কুন্দাপুরা (১১:৪৮–১১:৫০) এবং উদুপি (১২:১১–১২:১৩) স্টেশনে থামবে। এরপর এটি সাকলেশপুর (৫:৩০–৫:৩৫), হাসান (৬:১৩–৬:১৫) এবং শ্রবণবেলগোলা (৬:৫৩–৬:৫৫) স্টেশনে থামবে। পরিশেষে, এটি রাত ১১:১৫ মিনিটে যশবন্তপুর পৌঁছাবে। দক্ষিণ-পশ্চিম রেলওয়ের প্রকাশিত সময়সূচী অনুযায়ী, এই ট্রেনটি সপ্তাহে ৬ দিন চলাচল করবে। ২৬৬৫৫ নং ট্রেনটি (যশবন্তপুর থেকে মাডগাঁও) বুধবার চলবে না এবং ২৬৬৫৬ নং ট্রেনটি (মাডগাঁও থেকে যশবন্তপুর) বৃহস্পতিবার চলাচল করবে না।

google button